ঘরের মাঠে আয়োজিত সাফ চ্যাম্পিয়নশিপ ও জাতীয় দলের ক্যাম্পের জন্য এক মাস মাঠে গড়ায়নি ঘরোয়া ফুটবল। দীর্ঘ বিরতি শেষে ফেডারেশন কাপ দিয়ে আবারো ঘরোয়া ফুটবলে প্রাণ ফিরছে। আজ মাঠে নামছে ‘এ’ গ্রুপের ছয়টি দল। ঘরোয়া ফুটবল ফেরার দিনে সবচেয়ে বড় আকর্ষণ ঢাকার জাতীয় স্টেডিয়াম। সংস্কারকাজের জন্য দীর্ঘ ৬২ মাস এ মাঠে ঘরোয়া ফুটবল হয়নি। ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মধ্যকার ম্যাচ দিয়ে ঐতিহ্যবাহী এই ভেন্যুতে ফিরছে দেশের ঘরোয়া ক্লাব ফুটবল। অন্য দুই ম্যাচে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ঢাকার মুখোমুখি হবে ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাব এবং মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি এফসির প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ম্যাচ তিনটি শুরু হবে দুপুর আড়াইটায়।
ছয় দলের ‘এ’ গ্রুপ থেকে সেরা দুটি দল নকআউট পর্বে জায়গা করে নেবে। ফলে নকআউটের সমীকরণ নিশ্চিত করতে এ রাউন্ডে জয় চাইবে প্রতিটি দল। ঐতিহাসিক প্রত্যাবর্তনের ম্যাচে টেবিলের তিনে থাকা ফর্টিসের বিপক্ষে খেলতে নামছে তলানীতে থাকা রহমতগঞ্জ। ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাবের বিপক্ষে ড্র দিয়ে ফেডারেশন কাপ মিশন শুরু করা ফর্টিসের হাতে এখনো চার ম্যাচ বাকি। অন্যদিকে দুই ম্যাচে এক পয়েন্ট পাওয়া পুরান ঢাকার দল রহমতগঞ্জের জন্য এটি বাঁচা-মরার লড়াই। পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই তাদের সামনে। শক্তিমত্তায় বেশ এগিয়ে ফর্টিস। দলটির হয়ে খেলছেন গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবু ও মিডফিল্ডার এসা জালো, নাইজেরিয়ান ফরোয়ার্ড স্টিফেন চুকউদে এবং জাপানি মিডফিল্ডার নোরিকি আকাদা। এছাড়া সাফ কোটায় রয়েছেন নেপালের অনন্ত তামাং ও আরিক বিস্তা এবং শ্রীলঙ্কান গোলরক্ষক সুজান পেরেরা। তবে দলটির ফরোয়ার্ড শুকি ইতোফসা ক্লাব ছাড়তে পারেন। জানা গেছে, বিদেশের উন্নত লীগে খেলার সুযোগ পেয়ে ফর্টিস ছাড়ার আবেদন করেছেন শুকি। অন্যদিকে রহমতগঞ্জের ভরসা ঘানাইয়ান ডিফেন্ডার অ্যান্ড্রুজ কোয়াদও আপাউ ও মিডফিল্ডার প্রিন্স ওউসু আনসাহ এবং সেনেগালিজ স্ট্রাইকার ইব্রাহিমা সেনের উপর। সাফ কোটায় তাদের হয়ে খেলছেন নেপালের অভিষেক লিম্বু ও কুশল দেউবা।
শক্তিমত্তা ও অভিজ্ঞতায় এগিয়ে থাকা আবাহনী লিমিটেড ড্র দিয়ে ফেডারেশন কাপ মিশন শুরু করেছে। এক পয়েন্ট নিয়ে টেবিলের চারে আকাশি-নীলরা। ফকিরেরপুলকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে পারলে সেরা দুইয়ে উঠে আসবে আবাহনী। বিপরীতে দুই ম্যাচে এক পয়েন্ট পাওয়া ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাবের সামনে বড় চ্যালেঞ্জ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আবাহনীকে হারাতে হবে মতিঝিলের ক্লাবটিকে। তবে সেই কাজ সহজ হওয়ার কথা না। নাইজেরিয়ান চার ফুটবলারÑস্ট্রাইকার অ্যান্থনি ওকাচি, চিনেদু ম্যাথিউ, মিডফিল্ডার মাইকেল বাবাতুন্দে ও সানডে আফোলাবিকে নিয়ে বেশ শক্তিশালী দল তারা। এছাড়া সাফ কোটায় দলে আছেন পাকিস্তানের মঈন আহমেদ। অন্যদিকে ফকিরেরপুলের হয়ে খেলবেন আইভরি কোস্টের ফরোয়ার্ড ওয়াত্তারা বেন ইব্রাহিম ও মিডফিল্ডার দোসো সিদিক, গাম্বিয়ান ফরোয়ার্ড সুলাইমান সিল্লাহ এবং মালির ডিফেন্ডার ফোফানা আবু মোহাম্মদ।
মানিকগঞ্জে দিনের আরেক ম্যাচে লড়াইটা সেরা দুই দলের। চট্টগ্রাম সিটি এফসির প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। দুই ম্যাচে সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে ব্রাদার্স । দলটির দেশি প্লেয়াররাও ফর্মে রয়েছেন। ফেডারেশন কাপের এই মৌসুমে ব্রাদার্সের আবদুল হালিম ও মোহাম্মদ সাব্বির হোসেন দুটি করে গোল করেছেন।
এক মাসের বিরতি শেষে আজ মাঠে ফিরছে ফেডারেশন কাপ
স্পোর্টস রিপোর্টার
২৪ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
