যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদে তিন দশকের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা

আরও আসন পেল ডেমোক্রেটরা

যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদে তিন দশকের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা

ফন্ট সাইজ:

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে কমপক্ষে ২৫৮টি আসন নিশ্চিত করেছে ডেমোক্রেটিক পার্টি। এর মধ্য দিয়ে তিন দশকেরও বেশি সময়ের মধ্যে কংগ্রেসের নিম্নকক্ষে কোনো দলের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল দলটি। গত মাসে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ভূমিধস বিজয়ের পর রোববার নর্থ ক্যারোলাইনায় আরও একটি আসন জয়ের মধ্য দিয়ে এই মাইলফলক অর্জন করে ডেমোক্রেটরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করেন ডেমোক্রেট প্রার্থী চাক হাবার্ড। এর মধ্য দিয়ে আগামী বছরের প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের আসনসংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ২৫৮। ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে এখনো চারটি আসনের ফল ঘোষণা বাকি রয়েছে।

নিউইয়র্কের ডেমোক্রেট নেতা হাকিম জেফরিস সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এই অর্জনের কথা উল্লেখ করেছেন। ধারণা করা হচ্ছে, তিনি প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন। জেফরিস লিখেছেন, এই শতাব্দীতে কংগ্রেসে কোনো দলের অর্জন করা সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটরা। পোস্টের শেষে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, ‘বুম!’ যুক্তরাষ্ট্রের সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষেই ডেমোক্রেটদের এই ভূমিধস বিজয় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়ে ভোটারদের গভীর অসন্তোষের প্রতিফলন। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যায়।

নির্বাচনের আগে একের পর এক জনমত জরিপে দেখা গেছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ছিলেন ভোটাররা। একই সঙ্গে এই সংকট মোকাবিলায় ট্রাম্পের ভূমিকা নিয়েও তাদের মধ্যে ক্ষোভ ছিল। কংগ্রেসের নথি অনুযায়ী, সর্বশেষ ১৯৯২ সালে প্রতিনিধি পরিষদে ২৫৮টি আসন পেয়েছিল ডেমোক্রেটরা। এরপর ২০০৮ সালে দলটি ২৫৭টি আসন পায়।

অন্যদিকে, প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সর্বোচ্চ আসনসংখ্যা ছিল ২৪৭। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১১৪তম কংগ্রেসে এই সংখ্যাগরিষ্ঠতা ভোগ করেছিল দলটি। আগামী বছর প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা ১৯৯০-এর দশকের শুরুর পর যেকোনো দলের মধ্যে সবচেয়ে বড় হতে যাচ্ছে। তবে বিংশ শতাব্দীর কয়েকটি সময়ে এর চেয়েও বড় সংখ্যাগরিষ্ঠতা ছিল ডেমোক্রেটদের।
১৯৩০-এর দশকের বেশির ভাগ সময় প্রতিনিধি পরিষদে দলটির আসনসংখ্যা ছিল ৩১৩ বা তার বেশি। ষাটের দশকের মাঝামাঝি এবং সত্তরের দশকের শেষভাগেও তাদের আসনসংখ্যা ২৯০ ছাড়িয়ে গিয়েছিল।

অন্যদিকে, প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা ছিল ১৯২০-এর দশকে। ওই সময় দলটি সর্বোচ্চ ৩০২টি আসন নিয়ন্ত্রণ করে। ডেমোক্রেটদের এবারের নির্বাচনী সাফল্য শুধু কংগ্রেসে আসনসংখ্যার রেকর্ড নয়, বরং ট্রাম্প প্রশাসনের প্রতি মার্কিন ভোটারদের অসন্তোষেরও বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।