চার বছর প্রেমের পর বিয়ে করলেন মাইলি সাইরাস

চার বছর প্রেমের পর বিয়ে করলেন মাইলি সাইরাস

ফন্ট সাইজ:

প্রেমিক ম্যাক্স মোরান্ডোর সঙ্গে চার বছর চুটিয়ে প্রেম। অতঃপর বিয়ে করেছেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইনস্টাগ্রামে বিয়ের কয়েকটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন ‘ফ্লাওয়ার্স’খ্যাত এই সংগীতশিল্পী। ছবিগুলোতে সাদা গোলাপের সাজে ঘেরা পরিবেশে নবদম্পতিকে চুম্বনরত অবস্থায় দেখা গেছে। একটি ছবির পেছনে দেখা গেছে মাইলির মা ত্রিশা সাইরাস ও বোন নোয়া সাইরাসকে। বাবা বিলি রে সাইরাসকে কোনো ছবিতে দেখা না গেলেও তিনি তার সঙ্গী অভিনেত্রী লিজ হার্লিকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

৩৩ বছর বয়সী গ্র্যামি পুরস্কারজয়ী মাইলি বিয়েতে পরেন ফ্যাশন হাউস সেন্ট লরাঁর জন্য অ্যান্থনি ভ্যাকারেলোর নকশা করা সাদা রঙের সিল্কের পোশাক। অন্যদিকে ২৮ বছর বয়সী ড্রামার ম্যাক্স মোরান্ডো একই ফ্যাশন হাউসের নকশা করা কালো স্যুট পরে বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেন। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোর প্রথমটিতে নবদম্পতিকে একটি গোল্ডেন রিট্রিভার কুকুরের পাশে পোজ দিতে দেখা যায়। ছবির ক্যাপশনে মাইলি লিখেছেন ‘এম+এম’। সঙ্গে দিয়েছেন একটি সাদা হৃদয়ের প্রতীক এবং বিয়ের তারিখ- ২১ নভেম্বর।

মাইলির বোন ব্র্যান্ডি সাইরাস, সংগীতশিল্পী ডোয়েচি এবং ফ্যাশন ডিজাইনার ডোনাটেলা ভারসাচেসহ অনেকেই মন্তব্যের ঘরে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। জানা গেছে, পাম স্প্রিংসের একটি রিসোর্টে বিয়ের অনুষ্ঠানটি হয়েছে। একসময় রিসোর্টটির মালিক ছিলেন কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী ফ্রাঙ্ক সিনাত্রা। গত বছর মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘গুড মর্নিং আমেরিকা’র এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী ড্রামার ম্যাক্সের সঙ্গে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছিলেন মাইলি।

তিনি জানান, এশিয়া সফরের সময় ম্যাক্স তাকে বিয়ের প্রস্তাব দেন। এক হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।
সেই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মাইলি বলেন, আমাকে চমকে দেয়া সহজ নয়। কারণ, আমি প্রতিটি পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে ভালোবাসি। কিন্তু সেদিন আমি পুরোপুরি নিজেকে পরিস্থিতির কাছে ছেড়ে দিয়েছিলাম। সত্যি বলতে, আমি ভীষণ, ভীষণ, ভীষণ অবাক হয়েছিলাম। অন্যদিকে, ‘ওয়ান্ডারল্যান্ড’ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্স জানিয়েছিলেন, বিয়ের প্রস্তাবের পরিকল্পনা গোপন রাখতে তাকে বেশ কৌশলী হতে হয়েছিল।

তার ভাষায়, আমরা প্রথমে কয়েক দিনের জন্য টোকিও গিয়েছিলাম। এরপর কিয়োটো। আমার মনে হয়, মাইলি কিছুটা আঁচ করতে পেরেছিল যে এমন কিছু ঘটতে যাচ্ছে। তাই তাকে শেষ মুহূর্ত পর্যন্ত বিভ্রান্ত রাখতে আমি শেষ দিনের একেবারে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছিলাম।

এর আগে অস্ট্রেলীয় অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে বিয়ে হয়েছিল মাইলির। এক দশকের প্রেমের সম্পর্কের পর ২০১৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে ২০১৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। লিয়াম ‘হাঙ্গার গেমস’ চলচ্চিত্রের অভিনেতা হিসেবে পরিচিত। ‘পার্টি ইন দ্য ইউএসএ’ এবং ‘রেকিং বল’-এর মতো জনপ্রিয় গানের শিল্পী মাইলি ২০২৩ সালে ‘বৃটিশ ভোগ’ ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ম্যাক্সের সঙ্গে তার পরিচয় হয়েছিল এক বন্ধুর মাধ্যমে ঠিক করে দেয়া অন্ধসাক্ষাতের (ব্লাইন্ড ডেট) মাধ্যমে।

ম্যাক্স মোরান্ডো লস অ্যাঞ্জেলেসভিত্তিক ব্যান্ড ‘লিলি’র ড্রামার। ২০২২ সালে এনবিসিতে প্রচারিত মাইলির উপস্থাপনায় ‘মাইলিস নিউ ইয়ার্স ইভ পার্টি’ অনুষ্ঠানে অংশ নিয়েছিল ব্যান্ডটি। ওই অনুষ্ঠানে মাইলির প্রয়াত গডমাদার ডলি পার্টন এবং ডেভিড বায়ার্নসহ আরও কয়েকজন সংগীতশিল্পীও অংশ নেন।