হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে আগুন, ইরান যুদ্ধ নতুন করে শুরুর ইঙ্গিত ট্রাম্পের

হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে আগুন, ইরান যুদ্ধ নতুন করে শুরুর ইঙ্গিত ট্রাম্পের

ফন্ট সাইজ:

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার খবর দিয়েছে ইরানের গণমাধ্যম। অন্যদিকে, নতুন বছরের মধ্যে কোনো সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার দিকে ঝুঁকছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেছেন, অর্থনৈতিক চাপ বাড়িয়ে এবং জনগণের আস্থা নষ্ট করে ইরানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে দেশটির শত্রুরা। ইরানের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্বদিকে একটি ‘নিষিদ্ধ এলাকায়’ প্রবেশ করেছিল দুটি ট্যাংকার। এরপর সেগুলোতে আগুন ধরে যায়।

এদিকে, আইআরজিসি দাবি করেছে, তারা বাহরাইনে মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালির ওপর একটি প্রিডেটর ড্রোন ভূপাতিত করেছে।
এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট সিনেটর মার্ক কেলি। সামরিক অভিযানের লক্ষ্য, হামলার জন্য লক্ষ্যবস্তু নির্ধারণ এবং অস্ত্র কেনায় ব্যয় করা কয়েক হাজার কোটি ডলার নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে মার্ক কেলি বলেন, এই ব্যর্থ যুদ্ধের জন্য অবশ্যই জবাবদিহি নিশ্চিত করতে হবে। অ্যারিজোনার এই সিনেটর একসময় নৌবাহিনীর পাইলট ছিলেন। বর্তমানে তিনি সিনেটের সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা কমিটির সদস্য। তার প্রশ্ন, ইরানে মার্কিন সামরিক অভিযান কি কোনো সুনির্দিষ্ট কৌশলগত লক্ষ্য সামনে রেখে পরিচালিত হয়েছে, নাকি কেবল দেশটির ওপর যতটা সম্ভব ধ্বংসযজ্ঞ চালানোই ছিল এর উদ্দেশ্য? তিনি বলেন, হামলা চালাতে টার্গেটের যে তালিকা করা হয়েছে, আমি তা দেখতে চাই। কারা এসব হামলার অনুমোদন দিয়েছিল এবং অস্ত্রের পেছনে কয়েক হাজার কোটি ডলার ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছিল, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্রেটরা। ফলে ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে আরও কঠোর তদন্ত ও জবাবদিহির পথ তৈরি হতে পারে।

ওদিকে, বিশ্বের শেয়ারবাজারে দরপতনের প্রভাব পড়েছে পণ্যবাজারেও। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। তবে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে অব্যাহত হামলা তেলের দামের পতন সীমিত রেখেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার গ্রিনিচ মান সময় রাত ২টা ১৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ০.৩ শতাংশ কমে ৯২ ডলার ২৯ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ০.১৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ২৬ সেন্টে নেমে আসে। এর আগে টানা তিন সপ্তাহ ধরে তেলের দাম কমেছে। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমেছিল। তবে আঞ্চলিক জ্বালানি সরবরাহে নতুন করে হুমকি তৈরি হওয়ায় তেলের দাম আরও বেশি কমে যাওয়া থেকে কিছুটা রক্ষা পেয়েছে। রোববার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে। এ ছাড়া সপ্তাহান্তে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির আশপাশে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের মধ্যে অনলাইনে তৎপরতা বাড়ানোর জন্য আধাসামরিক বাহিনী বাসিজের প্রতি আহ্বান জানিয়েছেন আইআরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। তার অভিযোগ, ইরানের প্রতিপক্ষরা জনমতকে প্রভাবিত করা এবং দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা উসকে দেয়ার চেষ্টা করছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায় ইজাদি বলেন, বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে বাস্তবতাকে বিকৃত করার প্রবণতা এবং বিভিন্ন বয়ানকে নিজেদের মতো করে প্রভাবিত করার প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই। তেহরানে আইআরজিসির কমান্ডার ও বাসিজ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় তিনি ডিজিটাল জগতে আরও সতর্ক থাকা এবং সক্রিয় উপস্থিতি বাড়ানোর আহ্বান জানান।

ইজাদির দাবি, অন্য উপায়ে নিজেদের উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়ে ইরানের প্রতিপক্ষরা এখন অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং জনগণের আস্থা নষ্ট করার কৌশল নিয়েছে। এমন এক সময়ে তিনি এসব কথা বললেন, যখন কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও ইরান অর্থনৈতিক চাপ এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে রয়েছে।

ওদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাব কয়েক প্রজন্ম ধরে থেকে যাবে বলে সতর্ক করেছেন বৃটিশ দীর্ঘপাল্লার সাঁতারু লুইস পিউ। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সরাসরি যুদ্ধের পরিস্থিতি প্রত্যক্ষ করার পর তার মনে হয়েছে, এই সংঘাতের ক্ষতি দীর্ঘস্থায়ী হবে। যুদ্ধের পরিবেশগত ক্ষয়ক্ষতি তুলে ধরতে গত সপ্তাহে তিন দিন হরমুজ প্রণালিতে সাঁতার কেটেছেন পিউ। তিনি বলেন, হরমুজ প্রণালি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌবাণিজ্য পথ।

তবে এটি একই সঙ্গে পৃথিবীর অন্যতম সুন্দর জায়গাও। নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, প্রতিবার বাঁ দিকে সাঁতারের সময় আমি মুসান্দাম উপদ্বীপের অপূর্ব পাহাড়ি খাড়া উপকূল, সুন্দর ফিয়র্ড, পানিতে ডলফিন ও কচ্ছপ এবং মাছ শিকারি অসপ্রে পাখি দেখতে পাচ্ছিলাম। কিন্তু বাঁ দিকে শ্বাস নেয়ার সময়ই দেখছিলাম, হামলার মুখে জাহাজের বহর আমার পাশ দিয়ে চলে যাচ্ছে। পিউ জানান, প্রথম দিন তিনি একটি তেলবাহী ট্যাংকারে হামলা দেখেছেন। দ্বিতীয় দিন দেখেছেন একটি গ্যাসবাহী ট্যাংকারে হামলা ও বিস্ফোরণ। তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন। পিউ বলেন, এরপর আমাদের এই বিপর্যয়ের ক্ষত পরিষ্কার করতে হবে। এই যুদ্ধের প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকবে।