যুক্তরাষ্ট্রের ১২০তম কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার আগেই সিনেটে আবদুল এল-সায়েদের আগমন দেশটির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মিশিগান থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট সিনেটর ইতোমধ্যে দলের প্রতিষ্ঠিত নেতৃত্বকে চ্যালেঞ্জ করছেন, পররাষ্ট্রনীতির প্রচলিত অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন এবং অভ্যন্তরীণ নীতিতে আরও উচ্চাভিলাষী পরিবর্তনের দাবি জানাচ্ছেন। তার প্রাথমিক রাজনৈতিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে, একজন সিনেটর হিসেবে নিজ রাজ্যের প্রতিনিধিত্বের বাইরেও তার প্রভাব বিস্তৃত হতে পারে। ডেমোক্রেটিক পার্টির আদর্শিক দিক-নির্দেশনা, নেতৃত্বের কাঠামো এবং প্রগতিশীল সমর্থকগোষ্ঠীর সঙ্গে দলের সম্পর্ক নিয়ে বৃহত্তর বিতর্কের কেন্দ্রে উঠে আসছেন তিনি।
এল-সায়েদের উত্থানের বিশেষ তাৎপর্য রয়েছে এর সময়ের কারণে। ২০২৬ সালের ৩ নভেম্বরের নির্বাচনে জয়ের পর ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কংগ্রেসের ক্ষমতায় এই ফিরে আসা দলের অভ্যন্তরীণ নেতৃত্ব, নীতিগত অগ্রাধিকার কিংবা ট্রাম্প-যুগের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে মতপার্থক্য দূর করতে পারেনি। এল-সায়েদের মূল বক্তব্য হলো, শুধু ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করাই কোনো দলের শাসন পরিচালনার রাজনৈতিক ম্যান্ডেট হতে পারে না।
তিনি ওয়াল স্ট্রিট জার্নালকে গতকাল বলেন, ভোটাররা ট্রাম্পবাদ প্রত্যাখ্যান করেছেন, কিন্তু তার অর্থ এই নয় যে তারা ডেমোক্রেটিক পার্টির প্রচলিত নেতৃত্বকে সমর্থন করেছেন। তাই তার বার্তা শুধু রিপাবলিকানদের উদ্দেশে নয়, নিজের দলের প্রতিও: ডেমোক্র্যাটদের দেখাতে হবে, তারা আসলে কী পরিবর্তন করতে চান।
দায়িত্ব গ্রহণের আগেই নেতৃত্বকে চ্যালেঞ্জ
এল-সায়েদের প্রথম বড় রাজনৈতিক পদক্ষেপ হলো সিনেটে ডেমোক্রেটিক দলের নেতৃত্বের পদে নিউইয়র্কের সিনেটর চাক শুমারের বিরুদ্ধে মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হলেনের প্রতিদ্বন্দ্বিতাকে সমর্থন করা। আগামী ১ ডিসেম্বরের গোপন ব্যালটে এই নেতৃত্ব নির্বাচন দলের নতুন সংখ্যাগরিষ্ঠতা পুরোনো নেতৃত্বের কাঠামো বজায় রাখবে, নাকি প্রাতিষ্ঠানিক ও প্রজন্মগত পরিবর্তনের দাবিকে গুরুত্ব দেবে—তার একটি প্রাথমিক পরীক্ষা হয়ে উঠেছে। শুমারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে ভ্যান হলেনকে প্রকাশ্যে উৎসাহিত করা প্রথম ব্যক্তিদের একজন ছিলেন এল-সায়েদ। তার এই অবস্থান নতুন নির্বাচিত একজন সিনেটরকে এমন এক বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে, যা ঐতিহ্যগতভাবে জ্যেষ্ঠ সিনেটরদের নিয়ন্ত্রণে ছিল। বিগত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সিনেটে ডেমোক্রেটিক দলের নেতা নির্বাচনে এটিই প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে।
নেতৃত্ব নির্বাচনের ফলাফলের বাইরেও এই পদক্ষেপের গুরুত্ব রয়েছে। সিনেটের নেতা আইন প্রণয়নের সময়সূচি, কমিটিতে দায়িত্ব বণ্টন, রাজনৈতিক সমঝোতা এবং দলের কৌশলগত অগ্রাধিকার নির্ধারণে উল্লেখযোগ্য প্রভাব রাখেন। একজন নবনির্বাচিত সিনেটর এককভাবে সিনেটের গতিপথ নির্ধারণ করতে না পারলেও শপথ নেওয়ার আগেই নেতৃত্বকে চ্যালেঞ্জ করার এল-সায়েদের সিদ্ধান্ত ইঙ্গিত দেয় যে দলের ভবিষ্যৎ নির্ধারণে শুধু জ্যেষ্ঠতাই যথেষ্ট হবে না। ভ্যান হলেনের প্রতি তার সমর্থন প্রগতিশীল নতুন সদস্যদের সঙ্গে এমন প্রতিষ্ঠিত আইনপ্রণেতাদেরও একটি সংযোগ তৈরি করেছে, যারা মনে করেন দল পরিচালনার জন্য নতুন পদ্ধতি প্রয়োজন।
এ ক্ষেত্রে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। ডেমোক্র্যাটরা দুইজন স্বতন্ত্র সিনেটর সহ ৫৬ সদস্যের সিনেট-জোট এবং প্রতিনিধি পরিষদে ২৫৮ আসন নিয়ে উল্লেখযোগ্য পরিমাণের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, যা বিগত এক শতাব্দীর মধ্যে কোনো নির্বাচনী বছরের জন্য রেকর্ড। এতে আইন প্রণয়ন ও কংগ্রেসীয় তদারকির ক্ষমতা বাড়বে, কিন্তু একই সঙ্গে দলের ভেতরে বিভিন্ন প্রত্যাশাও তৈরি হবে। মধ্যপন্থীরা শাসন পরিচালনার বিশ্বাসযোগ্যতা ও আইন প্রণয়নের বাস্তব সম্ভাব্যতার ওপর গুরুত্ব দেবেন। অন্যদিকে, প্রগতিশীলরা স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক বৈষম্য, নির্বাচনী প্রচারণার অর্থায়ন এবং পররাষ্ট্রনীতিতে জবাবদিহির বিষয়ে পদক্ষেপ চাইবেন। নতুন কংগ্রেসের কার্যক্রম শুরুর আগেই এল-সায়েদের উত্থান এসব মতপার্থক্যকে দৃশ্যমান করে তুলেছে।
নির্বাচনী প্রতীকের বাইরে প্রগতিশীল কর্মসূচি
এল-সায়েদের রাজনৈতিক প্রভাবের ভিত্তি তার নির্বাচনী অঙ্গীকার ও নীতিগত কর্মসূচির মধ্যেও নিহিত। জনস্বাস্থ্য কর্মকর্তা ও মহামারিবিদ হিসেবে কাজ করা এল-সায়েদ নির্বাচনী প্রচারণায় সবার জন্য মেডিকেয়ার, স্বাস্থ্যসেবার ব্যয় কমানো, কর্মজীবী পরিবারগুলোর সুরক্ষা, করপোরেট রাজনৈতিক প্রভাব সীমিত করা এবং নির্বাচনী প্রচারণার অর্থায়ন সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার প্রস্তাবগুলো প্রগতিশীলদের সেই যুক্তিকে প্রতিফলিত করে, যেখানে অর্থনৈতিক অনিশ্চয়তা, স্বাস্থ্যসেবায় অসম প্রবেশাধিকার এবং ধনী দাতাদের রাজনৈতিক প্রভাবকে কাঠামোগত সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। এসব সমস্যার সমাধানে শুধু সীমিত বা ধীরগতির পরিবর্তন যথেষ্ট নয়।
তবে দলের নীতিগত কর্মসূচি নির্ধারণ এবং বাস্তবে আইন পাস করার মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। সিনেটে ডেমোক্র্যাটদের ৫৬ সদস্যের জোট থাকলেও ফিলিবাস্টার অতিক্রম করার মতো ভোট নিশ্চিত নয়। সিনেটের প্রচলিত নিয়ম অনুযায়ী, অধিকাংশ আইন প্রণয়নের ক্ষেত্রে বিতর্ক বন্ধ করে ভোটে যাওয়ার জন্য ৬০ ভোট প্রয়োজন। ফলে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্রেটিক নিয়ন্ত্রণ থাকলেও সবার জন্য মেডিকেয়ারের মতো উচ্চাভিলাষী প্রস্তাব বাস্তবায়নে উল্লেখযোগ্য আইনগত ও রাজনৈতিক বাধার মুখে পড়তে হবে।
দায়িত্ব গ্রহণের আগেই তার একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি গঠনের সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করেছে। সিনেটের বিভিন্ন কমিটিতে অংশগ্রহণ ও সিনেটে ভোট দেওয়ার মধ্যে নিজের প্রভাব সীমাবদ্ধ না রেখে তিনি এমন একটি রাজনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলছেন, যা প্রগতিশীল প্রার্থীদের সমর্থন, নীতিগত আলোচনা প্রভাবিত করা এবং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দলের ভেতরে তার অবস্থান শক্তিশালী করতে পারে। এতে বোঝা যায়, তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা শুধু মিশিগানের প্রতিনিধিত্বে সীমাবদ্ধ নয়; ডেমোক্রেটিক রাজনীতির ভবিষ্যৎ নিয়ে জাতীয় বিতর্কেও তিনি সক্রিয় ভূমিকা রাখতে চান।
পররাষ্ট্রনীতি ও শর্তহীন সামরিক সহায়তা নিয়ে বিতর্ক
এল-সায়েদের রাজনৈতিক পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো মার্কিন পররাষ্ট্রনীতি, বিশেষ করে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে তার অবস্থান। ওয়াশিংটনে দীর্ঘদিন ধরে প্রচলিত দ্বিদলীয় রাজনৈতিক কাঠামোকে তার অবস্থান চ্যালেঞ্জ করছে। বিশেষ করে ইসরায়েলের মতো কৌশলগত অংশীদারকে সহায়তার ক্ষেত্রে দেশটির নির্দিষ্ট সরকারি নীতির সঙ্গে মতপার্থক্য থাকা সত্ত্বেও কংগ্রেসে ব্যাপক সমর্থন দেখা গেছে।
এল-সায়েদের যুক্তি, মার্কিন সামরিক সহায়তা নিঃশর্ত হওয়া উচিত নয় এবং যেসব দেশ যুক্তরাষ্ট্রের সহায়তা পায়, তাদের আন্তর্জাতিক আইন মেনে চলার জবাবদিহির আওতায় আনতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি এই নীতি শুধু ইসরায়েলের ক্ষেত্রে নয়, মিসর, পাকিস্তান ও সৌদি আরবের ক্ষেত্রেও প্রয়োগের কথা বলেছেন। তার বক্তব্য, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ দিয়ে বিদেশি সামরিক বাহিনীকে ভর্তুকি দেওয়া উচিত নয়, যখন দেশের অভ্যন্তরে স্কুল ও স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন জনসেবা আর্থিক সংকটের মুখে রয়েছে।
তার অবস্থান মার্কিন কৌশলগত স্বার্থ, মানবাধিকার এবং করদাতাদের অর্থ ব্যবহারের সম্পর্ক নিয়ে বৃহত্তর প্রগতিশীল বিতর্ককে প্রতিফলিত করে। একই সঙ্গে মিত্র দেশগুলোর আচরণের ভিত্তিতে ওয়াশিংটনের সামরিক সহায়তা দেওয়ার শর্ত নির্ধারণ করা উচিত কি না, সেই প্রশ্নও সামনে নিয়ে আসে। মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে এ ধরনের বিতর্ক নতুন নয়, তবে এল-সায়েদের নির্বাচনী বিজয় আসন্ন সিনেটের সংখ্যাগরিষ্ঠতার মধ্যে এই আলোচনাকে আরও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মঞ্চ দিয়েছে।
ইসরায়েলের জাতীয় পরিচয় নিয়ে তার সাম্প্রতিক বক্তব্য বিতর্ককে আরও তীব্র করেছে। দ্য আটলান্টিক এবং এনবিসির মিট দ্য প্রেস-কে দেওয়া সাক্ষাৎকারে এল-সায়েদ যুক্তি দিয়েছেন, কোনো নির্দিষ্ট ধর্ম বা সংস্কৃতির ভিত্তিতে রাজনৈতিক সদস্যপদ নির্ধারণ না করে ইসরায়েলের উচিত সব নাগরিকের সমান নাগরিকত্ব ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। তিনি সাধারণভাবে জাতিগত বা ধর্মীয় পরিচয়ভিত্তিক রাষ্ট্রের বিরোধিতা করেছেন এবং বলেছেন, ফিলিস্তিনি ও ইহুদি ইসরায়েলি—উভয়েরই শান্তি, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের সমান অধিকার রয়েছে।
ইসরায়েলের সমর্থকরা তার বক্তব্যের সমালোচনা করেছেন। তাদের যুক্তি, ইহুদি জনগণের জাতীয় আত্মনিয়ন্ত্রণ ইসরায়েলের পরিচয়ের অপরিহার্য অংশ। এল-সায়েদের অবস্থান জাতীয় পরিচয়, ধর্মীয় ঐতিহ্য এবং সমান নাগরিকত্বের সম্পর্ক নিয়ে বৃহত্তর সাংবিধানিক ও রাজনৈতিক প্রশ্নও সামনে এনেছে। অন্যদিকে, এল-সায়েদের বক্তব্য হলো, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রসহ যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাওয়া প্রতিটি দেশের ক্ষেত্রেই একই গণতান্ত্রিক মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত।
ডেমোক্রেটিক পার্টির জন্য এই বিতর্ক একটি কঠিন ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে ইসরায়েলের সামরিক নীতির সমালোচনা এবং বিদেশি সামরিক সহায়তার জবাবদিহি নিশ্চিত করার দাবি বাড়ছে; অন্যদিকে ইহুদি বিদ্বেষ, ইসরায়েলের নিরাপত্তা এবং দলের নিজস্ব রাজনৈতিক জোটের বৈচিত্র্য নিয়ে উদ্বেগও রয়েছে। এল-সায়েদের উপস্থিতি সিনেটের আলোচনায় এসব মতপার্থক্যকে আরও দৃশ্যমান করবে।
ডেমোক্রেটিক সংখ্যাগরিষ্ঠতাকে প্রভাবিত করার চ্যালেঞ্জ
২০২৬ সালের নির্বাচনী বিজয়ের পর ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক পরিচয় নিয়ে যে বৃহত্তর বিতর্ক শুরু হয়েছে, এল-সায়েদের উত্থান তারই অংশ। ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দলটিকে এখন শাসন পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এই পরিস্থিতি আইন প্রণয়ন, সরকারি বরাদ্দ এবং কংগ্রেসীয় তদারকিতে ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য ক্ষমতা দেবে। তবে প্রেসিডেন্টের ভেটো কিংবা দলীয় সংঘাতের সম্ভাবনা দূর করবে না।
এল-সায়েদ ও অন্যান্য প্রগতিশীল ডেমোক্র্যাটদের জন্য মূল প্রশ্ন হলো, দলটি নতুন কংগ্রেসীয় সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে বাস্তব নীতিগত পরিবর্তন আনবে, নাকি প্রধানত ট্রাম্প প্রশাসনের বিরোধিতাতেই মনোযোগ দেবে। বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী জোটে প্রগতিশীল, মধ্যপন্থী, শ্রমজীবী জনগোষ্ঠী, শহরতলির ভোটার এবং বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন, যাঁদের প্রত্যাশা ও অগ্রাধিকার এক নয়।
শুমার ও ভ্যান হলেনের মধ্যকার নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা তাই বৃহত্তর রাজনৈতিক বিতর্কের একটি প্রাথমিক প্রকাশ। এটি শুধু সিনেটে ডেমোক্রেটিক দলের নেতৃত্ব কে দেবেন, সেই প্রশ্ন নয়; বরং নির্বাচনী বিজয়ের রাজনৈতিক ম্যান্ডেটকে দলটি কীভাবে ব্যাখ্যা করবে, সেটিও এর সঙ্গে জড়িত। শুমারের সমর্থকেরা ডেমোক্র্যাটদের নির্বাচনী পুনরুত্থানে তাঁর নেতৃত্বের কথা তুলে ধরতে পারেন। অন্যদিকে, ভ্যান হলেনের সমর্থকেরা মনে করেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দল পরিচালনার জন্য নতুন পদ্ধতি প্রয়োজন। ভ্যান হলেনের প্রতি এল-সায়েদের সমর্থন তাঁকে এই দ্বিতীয় অবস্থানের সঙ্গে যুক্ত করেছে।
এল-সায়েদের প্রভাব শুধু তিনি নেতৃত্ব পরিবর্তনে সফল হন কি না, সবার জন্য মেডিকেয়ার চালু করতে পারেন কি না কিংবা ইসরায়েল সম্পর্কে মার্কিন নীতি পরিবর্তন করতে পারেন কি না—এসব দিয়ে বিচার করা উচিত হবে না। তার তাৎক্ষণিক গুরুত্ব হলো, তিনি এমন কিছু প্রশ্ন সামনে নিয়ে আসছেন, যেগুলোর উত্তর ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠিত নেতৃত্বকে দিতে হবে: দলের রাজনৈতিক গতিপথ কে নিয়ন্ত্রণ করবে, অর্থনৈতিক নীতি কাদের স্বার্থে পরিচালিত হবে, নির্বাচনী প্রচারণার অর্থায়ন কীভাবে রাজনৈতিক প্রতিনিধিত্বকে প্রভাবিত করবে এবং মার্কিন বৈদেশিক সহায়তাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সঙ্গে আরও সরাসরি যুক্ত করা উচিত কি না।
ডেমোক্রেটিক রাজনীতির নতুন যুগে এক উদীয়মান শক্তি
যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে আবদুল এল-সায়েদ এখনো শপথ নেননি, কংগ্রেস অধিবেশন শুরুর আরও ছয় সপ্তাহ বাকি। কিন্তু ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি রাজনৈতিক বিতর্কে তিনি ইতোমধ্যে প্রবেশ করেছেন। দলের প্রতিষ্ঠিত নেতৃত্বকে চ্যালেঞ্জ করা, প্রগতিশীল অভ্যন্তরীণ কর্মসূচি, শর্তহীন সামরিক সহায়তার সমালোচনা এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ—সবকিছুই ইঙ্গিত দেয়, একজন নবনির্বাচিত সিনেটরের প্রচলিত ভূমিকার বাইরে গিয়ে তিনি প্রভাব বিস্তার করতে চান।
এল-সায়েদের আগমন ডেমোক্রেটিক রাজনীতির বৃহত্তর পরিবর্তনের প্রতিফলন। কংগ্রেসের ক্ষমতায় ফিরে এসে দলটি তার নির্বাচনী বিজয়ের অর্থ কী হওয়া উচিত, সেই বিতর্ক নতুন করে সামনে এনেছে। প্রগতিশীলদের কাছে লক্ষ্য শুধু রিপাবলিকানদের পরিবর্তে ডেমোক্রেটিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা নয়; বরং সেই নেতৃত্বের নীতি ও অগ্রাধিকার নতুনভাবে নির্ধারণ করা। অন্যদিকে, মধ্যপন্থীদের চ্যালেঞ্জ হলো এমন একটি শাসন যোগ্য রাজনৈতিক জোট বজায় রাখা, যা নির্বাচনী সাফল্যকে বাস্তবসম্মত আইন ও নীতিতে রূপ দিতে পারে।
নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর আগেই এল-সায়েদ নিজেকে প্রভাব বিস্তারের কেন্দ্রে নিয়ে এসেছেন। তার উত্থান তাই ডেমোক্রেটিক দলীয় নয়া রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি হয়ে উঠতে পারে—২০২৬-পরবর্তী ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক পরিবর্তন কি শুধু কংগ্রেসের নেতৃত্ব বদলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির অগ্রাধিকার নিয়ে আরও মৌলিক পুনর্বিবেচনার দিকে এগোবে।
