শ্রীপুরে অর্ধযুগ ধরে বন্ধ সরকারি গণশৌচাগার, ভোগান্তি

শ্রীপুরে অর্ধযুগ ধরে বন্ধ সরকারি গণশৌচাগার, ভোগান্তি

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুরের ব্যস্ততম এলাকা মাওনা চৌরাস্তায় জনসাধারণের জন্য নির্মিত একটি সরকারি গণশৌচাগার প্রায় অর্ধযুগ ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, যাত্রী ও শ্রমজীবী মানুষ। জানা যায়-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট মাওনা চৌরাস্তা। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও লাখো মানুষের যাতায়াত এই এলাকায়। শ্রমজীবী, কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছে ব্যস্ত বাণিজ্যিক এলাকা। কিন্তু জনসাধারণের সুবিধার্থে নির্মিত সরকারি গণশৌচাগারটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, শৌচাগারটি দীর্ঘদিন তালাবদ্ধ থাকার কারণে বাধ্য হয়ে অনেকেই আশপাশের খোলা জায়গা, উড়াল সেতুর নিচে কিংবা রাস্তার পাশে শৌচকর্ম সারছেন। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে জনস্বাস্থ্যের জন্যও তৈরি হচ্ছে মারাত্মক ঝুঁকি। স্থানীয়রা জানান, সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে শৌচাগারটি এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও নজরদারির অভাবে এই সমস্যার সমাধান হচ্ছে না। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। দ্রুত শৌচাগারটি সংস্কার করে চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও যাত্রীরা। এখন দেখার বিষয়, জনস্বার্থে কবে নাগাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নেয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন