ইরানের সঙ্গে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি, জ্বালানি তেলের দাম ও শেয়ারবাজারের ওঠানামার জন্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নির্ধারণ হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ডেমোক্রেটদের নির্বাচনী বিজয়ের সঙ্গে এসব ঘটনার যোগসূত্র টেনেছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ধারাবাহিক কয়েকটি পোস্টে ট্রাম্প দাবি করেছেন, তার প্রশাসনের বিরুদ্ধে জনগণের রায় আর্থিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে এবং ইরানকে আরও আগ্রাসী করে তুলবে। এমন দুটি পূর্বাভাস তিনি আগেই দিয়েছিলেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
নির্বাচনের আগে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার জন্য ইরান ও ডেমোক্রেট উভয় পক্ষকেই দায়ী করেছেন তিনি। এ সময় ভোটাররা ভোট দেয়ার আগে বিষয়টি বুঝতে পারেননি বলে আক্ষেপও প্রকাশ করেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, সবাই নিশ্চয়ই মনে রেখেছেন, ৩রা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে আমি দুটি পূর্বাভাস দিয়েছিলাম। প্রথমত, ডেমোক্রেটরা জিতলে শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটবে। তারা জিতেছে এবং সেটাই ঘটেছে। দ্বিতীয়ত, ইসলামি প্রজাতন্ত্র ইরান, যারা আজ পর্যন্ত ৮১ হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে, তারা হামলার ক্ষেত্রে আরও আগ্রাসী হয়ে উঠবে। সেটিও ঘটেছে।
ট্রাম্প আরও দাবি করেছেন, গত এক সপ্তাহে ইরান এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা সেই হুমকি মোকাবিলা করতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, চিন্তার কিছু নেই। সবগুলোই ভূপাতিত করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও লিখেছেন, ইরানের নেতারা ডেমোক্রেটদের দুর্বল, অকার্যকর এবং দেশ ধ্বংসকারী বলে মনে করেন। কিন্তু আমি তা হতে দেব না! ডেমোক্রেট ও ইরান উভয়েই যতটা সম্ভব তেলের দাম বাড়িয়ে রাখতে সর্বাত্মক চেষ্টা করেছে। আর নির্বাচনের পর তেলের দাম রেকর্ড পরিমাণ কমেছে। ভোটাররা ভোট দেয়ার আগে বিষয়টি বুঝতে পারেননি, এটা দুর্ভাগ্যজনক। তবে পুরো নির্বাচনই ছিল বেশ অদ্ভুত। যুক্তরাষ্ট্রের সিনেটে যুদ্ধক্ষমতা নিয়ন্ত্রণসংক্রান্ত একটি প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার কয়েক দিন পর ট্রাম্পের এসব মন্তব্য সামনে এলো। ৪৮-৫১ ভোটে প্রস্তাবটি নাকচ হয়ে যাওয়ায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় ট্রাম্পের ক্ষমতা বহাল রয়েছে।
অন্য একটি পোস্টেও ডেমোক্রেট ও তেহরানকে পরোক্ষভাবে আক্রমণ করেছেন ট্রাম্প। নির্বাচনের পর তেলের দাম কমে যাওয়ার সঙ্গে নির্বাচনী ফলাফলের যোগসূত্র টেনে তিনি লিখেছেন, মধ্যবর্তী নির্বাচনের পর তেলের দাম যে ব্যাপকভাবে কমে গেছে, বিষয়টি কি আশ্চর্যজনক নয়? আমি আগেই বলেছিলাম, এমনটা ঘটবে। এ পরিস্থিতিকে তিনি বিশাল প্রতারণা বলেও আখ্যা দিয়েছেন।
এদিকে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অস্থিরতা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ব্যাপক জনরায়ের মধ্য দিয়ে ডেমোক্রেটরা জাতীয় নির্বাচনে গত তিন দশকের মধ্যে প্রতিনিধি পরিষদে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দলটি অন্তত ২৫৮টি আসন পেয়েছে।
বার্তা সংস্থা এপির সর্বশেষ নির্বাচনী পূর্বাভাস অনুযায়ী, ১৯৯০-এর দশকের শুরুর পর যেকোনো নির্বাচনের তুলনায় এবার প্রতিনিধি পরিষদে বেশি আসন পেয়েছে ডেমোক্রেটরা। সিনেটেও দলটির নিয়ন্ত্রণে রয়েছে প্রায় ৫৪টি আসন। অন্যদিকে রিপাবলিকান পার্টির আসনসংখ্যা ৪৪। এই নির্বাচনী ফলাফল ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইরান যুদ্ধ, জ্বালানি তেলের বাজার এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে ভোটারদের মনোভাবের পার্থক্য এখন নতুন করে আলোচনায় এসেছে।
