কৃষক বাঁচলে দেশ বাঁচবে: হুইপ রকিবুল

ফন্ট সাইজ:

কৃষক বাঁচলে দেশ বাঁচবে এমন কথা বলেছেন বর্তমান সরকারের সংসদীয় হুইপ মো. রকিবুল ইসলাম বকুল এমপি। মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসন ও পাউবির আয়োজনে খুলনার ডুমুরিয়া উপজেলার টিয়াবুনিয়া খাল পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তৃতার প্রথমে তিনি খাল খননে উপকারী ভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে খুলনায় কোনো টেন্ডারবাজি, দখলবাজি, সন্ত্রাসী, মাদকের ব্যাবসা চলতে দেয়া হবে না। অপরাধী যে দলেরই হোক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে। এসময় তিনি যেমন নামমাত্র খাল খনন হয়েছে তেমন যেন না হয় সেদিকে সকলকে খেয়াল রাখার জন্য আহ্বান জানান। তিনি বলেন, বরাদ্দের একটি টাকাও বাজে খরচ হতে দেয়া হবে না। উক্ত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল করিম, জেলা প্রশাসক আ স ম জামসেদ খন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পউিবি) ড. মো. আবুল বাশার, নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন