গাজীপুরের কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে অবৈধভাবে ঘরবাড়ি, মার্কেট, কলোনি ও শিল্পকারখানা নির্মাণের অভিযোগ উঠেছে। কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা, মৌচাক, রঘুনাথপুর ও বাড়ইপাড়া বিটের বিভিন্ন এলাকায় সরকারি বনভূমি দখল করে এসব স্থাপনা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। অভিযোগ রয়েছে, বনবিভাগের সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা উৎকোচের বিনিময়ে এসব দখল কার্যক্রমে সরাসরি সহযোগিতা করছেন। বিশেষ করে চন্দ্রা বিট কর্মকর্তা ইকবাল হোসেনসহ মৌচাক, রঘুনাথপুর ও বাড়ইপাড়া বিটের কর্মকর্তাদের বিরুদ্ধে দখলদারদের সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য ও স্বাধীন তদন্ত প্রয়োজন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চন্দ্রা বিটের বখতারপুর এলাকায় বনভূমিতে তিন রুমবিশিষ্ট একটি ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে। মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি ওই ঘর নির্মাণ করছেন বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ একবার বন্ধ করা হলেও পরে আবার শুরু হয়েছে। তাদের দাবি, চন্দ্রা বিট কর্মকর্তার কৌশলেই কাজ বন্ধ রাখার পর পুনরায় নির্মাণের সুযোগ তৈরি হয়েছে। এদিকে চন্দ্রা বিটের এপেক্স লেঞ্জারি কারখানার পাশেই বনভূমি দখল করে গড়ে উঠেছে সরকার মার্কেট। একই এলাকায় বনবিভাগের জমিতে বাজার ও কলোনি নির্মাণ করে ঘর ভাড়া দেয়ার অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, এসব স্থাপনা থেকে প্রতি মাসে প্রায় ২৬ লাখ টাকা ভাড়া আদায় করা হয়। লাবু সরকার নামের এক ব্যক্তি এসব কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও স্থানীয়দের দাবি। এলাকাবাসীর অভিযোগ, এসব স্থাপনা একদিনে গড়ে ওঠেনি; বছরের পর বছর ধরে বনভূমি দখল করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এলাকায় তেমন দেখা যেতো না বলেও তাদের দাবি। তবে ৫ই আগস্টের পর এলাকায় নতুন করে একাধিক স্থাপনা নির্মাণের প্রবণতা বেড়েছে বলে অভিযোগ রয়েছে। রঘুনাথপুর (সোনাতলা) বিটের গাছবাড়ি বাজারের পশ্চিমে একটি মাদ্রাসার পাশে বনভূমিতে বাড়ি নির্মাণ করছেন জালাল খান। বর্তমানে সেখানে নির্মাণকাজ চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ছাড়া ওই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমজাদ খান ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ১৬শ’ শতাংশ বনভূমি দখলে রাখার অভিযোগ রয়েছে।
বনবিভাগের জমিতে তাদের দখলের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। চন্দ্রা বিটের বিশ্বাসপাড়া এলাকায় ঝুমুর নামের এক ব্যক্তি বনবিভাগের জমিতে ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বনভূমিতে নির্মাণকাজ চললেও তা বন্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। মৌচাক বিট এলাকায় আলিফ গার্মেন্টসের বিরুদ্ধে প্রায় এক একর বনভূমি দখল করে সীমানাপ্রাচীর ও ভবন নির্মাণের অভিযোগ রয়েছে। এ ছাড়া রাখালিয়াচালা ও মৌচাক বাজার এলাকায় বনবিভাগের জমিতে একাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এসব স্থাপনার বৈধতা যাচাই এবং বনভূমির প্রকৃত পরিমাণ নির্ধারণে জরিপের দাবি উঠেছে। অন্যদিকে বাড়ইপাড়া বন বিটের ঢং বাং কারখানার পাশেও বনভূমি দখল করে একাধিক স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, বনবিভাগের জমি দখল করে এসব স্থাপনা গড়ে তোলা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি নেই। বিভিন্ন এলাকায় বনভূমি দখল করে স্থাপনা নির্মাণের পাশাপাশি বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগও উঠেছে।
অভিযোগকারীদের দাবি, চন্দ্রা বিট কর্মকর্তা ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট বিট কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া দীর্ঘদিন ধরে এসব স্থাপনা নির্মাণ ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। আলী হোসেন নামে এক ব্যক্তি বলেন, এসব দখল এমনি হয় না, বিনিময়ে বন কর্মকর্তাদের দিতে হয় লাখ লাখ টাকা। ঘর ঠিক করতে ৫০ হাজার, ছোট নতুন ঘর বানাতে ১ লাখ, বড় ঘর হলে ২ থেকে ৫ লাখ দিতে হয় বন কর্মকর্তাদের। এ বিষয়ে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা তাওসিফ জাওয়াদ বলেন, আমি কিছুদিন হলো এখানে বদলি হয়েছি। বন দখলের কোনো ঘটনা থাকলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। বনবিভাগের সিএফ জহির আকন্দ বলেন, সবগুলো তথ্য তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
