যুবলীগের ‘মার’ খাওয়ায় ভাঙলো ফটিকছড়ি যুবদলের কমিটি

ফন্ট সাইজ:

‘যুবলীগের নেতাকর্মীদের হামলায়’ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আহত হওয়ার দিনই বিলুপ্ত করা হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি। সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্যের অভিযোগে গত শনিবার কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় যুবদল। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত কার্যকর করেন। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আওতাধীন ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্যের সুস্পষ্ট অভিযোগে বিলুপ্ত করা হয়েছে। তবে কী ধরনের শৈথিল্যের অভিযোগ রয়েছে, তা বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি। হামলার ঘটনার সঙ্গে কমিটি বিলুপ্তির সিদ্ধান্তের কোনো সম্পর্ক রয়েছে কিনা, সে বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতি মোশরাফুল আনোয়ার মশু ও সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম লাভলুর ফোনে একাধিকবার যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি।

এর আগে, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিফায়েতনগর এলাকায় যুবদল ও ছাত্রদলের একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শোভাযাত্রাটি এলাকায় পৌঁছালে মাইকে ‘ডাকাত পড়েছে’ বলে ঘোষণা দেয়া হয়। এরপর স্থানীয় যুবলীগের কয়েকজন নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেয়া ব্যক্তিদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে যুবদল ও ছাত্রদলের অন্তত ছয় নেতাকর্মী আহত হন। তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আহতদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সময় অন্তত পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর এবং কয়েকটিতে আগুন দেয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের অতর্কিত হামলায় তাদের ছয়-সাতজন নেতাকর্মী আহত হয়েছেন। অন্তত চারটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে আরও কয়েকটি মোটরসাইকেল। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, এলাকায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছেন যুবলীগের কর্মীরা। হামলার পর তারা পালিয়ে গেছেন। তাদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।