জনবল ও সরঞ্জামাদি সংকটে ব্যাহত দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা

জনবল ও সরঞ্জামাদি সংকটে ব্যাহত দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা

ফন্ট সাইজ:

সংশ্লিষ্ট জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা। ৪২টি পদের বিপরীতে কর্মরত চিকিৎসক রয়েছেন মাত্র ৭ জন। নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। নার্স, মিডওয়াইফ, শয্যা ও চিকিৎসা সরঞ্জামের সংকটও প্রকট। ফলে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩২টি নার্স পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৭ জন। ছয়টি মিডওয়াইফ পদের বিপরীতে আছেন মাত্র দু’জন। এ ছাড়া উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রয়েছেন চারজন। হাসপাতালে গাইনি সার্জন না থাকায় জরুরি সিজারিয়ান অপারেশনের প্রয়োজন হলে প্রসূতিদের যেতে হচ্ছে উপজেলার বেসরকারি হাসপাতালগুলোতে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসার মান নিয়ে প্রশ্ন ও উদ্বেগ থাকায় প্রসূতি ও নবজাতকের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। অন্যদিকে, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে ডেন্টাল ইউনিটের কার্যক্রমও কার্যত স্থবির হয়ে পড়েছে।

প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৭০০ এবং জরুরি বিভাগে দুই শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। জনবল সংকটে একজন চিকিৎসককেই প্রতিদিন দুই শতাধিক রোগী দেখতে হচ্ছে। ৫০ শয্যার হাসপাতালটিতে প্রতিনিয়ত ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি থাকেন। ফলে ৩০ থেকে ৪০ জনের বেশি রোগীকে থাকতে হয় মেঝেতে। এতে চিকিৎসা নিতে এসে বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। বন্যা ও নদীভাঙনকবলিত তিন উপজেলার মানুষের চিকিৎসার অন্যতম ভরসা এই হাসপাতাল। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক ও সরঞ্জাম না থাকায় কাঙ্ক্ষিত সেবা মিলছে না। বাধ্য হয়ে অনেক রোগীকে যেতে হচ্ছে অন্যত্র। এতে বাড়ছে চিকিৎসা ব্যয়, দুর্ভোগ ও ভোগান্তি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব বলেন, জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় সংসদ সদস্য, বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে লিখিতভাবে জানানো হয়েছে।