গত চারদলীয় জোট সরকারের আমলে ঝিনাইদহে প্রতিষ্ঠিত শতকোটি টাকার উন্নয়ন প্রকল্প ও সরকারি স্থাপনার বড় অংশ এখনো অচল অবস্থায় পড়ে আছে। কিছু কেন্দ্র চালু হলেও জনবল সংকটে সেবা মিলছে না, আর কিছু প্রকল্প বাতিল এবং কিছু প্রকল্প আমলা জটিলতায় আটকে আছে। বর্তমান সরকারের ৯ মাস পেরিয়ে গেলেও এসব স্থাপনা চালুর দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, বিএনপি’র প্রয়াত এমপি মসিউর রহমানের উদ্যোগে প্রায় ৬ কোটি টাকার ট্রমা হাসপাতাল প্রকল্পটি ১৩ বছর ঝুলে থাকার পর বাতিল হয়। ২০০৮ সালে গ্যাস পাইপলাইন বসানো হলেও ১৮ বছরেও বাসাবাড়ি বা শিল্পকারখানায় গ্যাস যায়নি। বাতিল হয়েছে খাবার স্যালাইন ফ্যাক্টরি ও সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (ঈঈট) প্রকল্পও।
এদিকে শৈলকুপার দুধসর ও কাঁচেরকোল, মহেশপুরের ভৈরবা, সদরের দক্ষিণ কাষ্টসাগরা এবং কালীগঞ্জ পৌরসভার ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলো নির্মাণের ৮ বছর পার হলেও তালাবদ্ধ পড়ে আছে। দামি যন্ত্রপাতি ও ভবন থাকলেও জনবলের অভাবে সেগুলো নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। হাটগোপালপুর ২৫ শয্যার হাসপাতালের জমি অধিগ্রহণ হলেও অবকাঠামো নির্মাণকাজে কোনো অগ্রগতি নেই। জনবল সংকটে ভুগছে ম্যাটস, চক্ষু হাসপাতাল, সরকারি শিশু হাসপাতাল, চাকলাপাড়ার আইএইচটি ও নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রগুলো।
এ ছাড়াও সিভিল সার্জন অফিসে আটকে আছে ১৫৫ পদের নিয়োগ। শিক্ষা ও যোগাযোগ খাতেও স্থবিরতা রয়েছে। সরকারি কেসি কলেজের জিয়া ছাত্রাবাস দীর্ঘ ১৬ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় আবাসন সংকটে ভুগছেন শিক্ষার্থীরা। আর বৃহত্তর যশোর প্রকল্পের আওতায় জেলার গ্রামীণ সড়কের কাজ একনেকে পাস না হওয়ায় কোনো কাজ শুরু হয়নি।
সচেতন নাগরিক সিরাজুল হক বলেন, জেলার আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী উচ্চপর্যায়ে রয়েছেন; বাতিল হওয়া প্রকল্প ও স্থাপনাগুলো অতিসত্বর সচল করতে তাদের উদ্যোগ নেয়া জরুরি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেন, প্রতিষ্ঠানগুলো চালু, জনবল নিয়োগ ও যন্ত্রপাতি সরবরাহে সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে এসব প্রতিষ্ঠান দ্রুতই প্রাণ ফিরে পাবে বলে তিনি আশাবাদী। ঝিনাইদহের অবহেলিত মানুষের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিষ্ঠানগুলো দ্রুত চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ।
