সাভার-আশুলিয়ায় কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে সাধারণ ছুটি

ফন্ট সাইজ:

তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস গতকাল সকালে অধিকাংশ পোশাক কারখানার শ্রমিককে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে। তবে এখনো ২১টি কারখানা ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া কাজে যোগ দিয়েও উৎপাদন কার্যক্রমে অংশ না নেয়ায় আরও ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার সকালে শিল্পাঞ্চলের বাইপাইল, জামগড়া, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, কাঠগড়া, হেমায়েতপুরসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, শ্রমিকরা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন এবং নির্ধারিত সময়ে শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেছেন তারা। শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। তবে কয়েকটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতির কারণে ছুটি ঘোষণা করতে হয়েছে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধ থাকা ২১টি পোশাক কারখানা শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ‘নো ওয়ার্ক, নো পে’ ভিত্তিতে বন্ধ রয়েছে। অন্যদিকে, সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও উৎপাদন কাজে অংশ না নেয়ায় বিশেষ করে হা-মীম গ্রুপের কয়েকটি কারখানাসহ আশপাশের মোট ১৮টি কারখানায় একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে নতুন করে শ্রমিক অসন্তোষের সূত্রপাত হয়। পরে তা নরসিংহপুর, ছয়তলা ও কাঠগড়া হয়ে সাভারের হেমায়েতপুর ও উলাইল এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় জড়ান।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে। এতে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে শিল্পাঞ্চলে যে শান্তিপূর্ণ পরিবেশ দেখা গেছে, তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী। তবে পরিস্থিতি কতোটা স্বাভাবিক থাকবে, তা অনেকাংশে নির্ভর করছে শ্রমিকরা উৎপাদন কার্যক্রমে কতোটা অংশ নিচ্ছেন, তার ওপর। এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অন্যান্য দিনের মতো শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।