কালিয়ায় বিএনপি’র দুই নেতার খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ

ফন্ট সাইজ:

নড়াইলের কালিয়ায় দুই বিএনপি’র নেতার খুনের ঘটনার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসআরবি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসআরবি এবং পুলিশের সার্বক্ষণিক নজরদারিতে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে, মোটরসাইকেল মিছিলে হামলার ঘটনায় নিহত বিএনপি নেতা শাহিনুল ইসলাম ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল রানার খুনিদের বিচার দাবিতে রোববার কালিয়া উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের আয়োজনে প্রায় তিন হাজার লোকের মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কালিয়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, এআই দ্বারা নির্মিত ভিডিওচিত্র নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার দোসররা কালিয়া সম্পর্কে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।

এতে বিএনপি’র দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই এআই দ্বারা যারা এই অপকর্মে মেতে উঠেছে তারা দেশটাকে ধ্বংসের দিকে নিচ্ছে। কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী জানান, এলাকার শান্ত বেন্দারচর গ্রামের লোকজন ঘরে ফিরতে শুরু করছে, তাদের সংসার গোছানোর কাজে ব্যস্ত আছেন। বড় কালিয়ায় কোনো হিন্দু পরিবারের ওপর আক্রমণ হয়নি বলে তিনি দাবি করেন।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম জানান, দু’জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ আছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কালিয়া উপজেলা বিএনপি সভাপতি (ভারপ্রাপ্ত) আসজাদুর রহমান মিঠু বলেন, ফেসবুক এবং বিভিন্ন মিডিয়াতে হিন্দুদের বাড়ি পোড়ানোর ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। উপজেলায় হিন্দুদের ওপর কোনো আক্রমণ হয়নি। তারা বাজারে রীতিমতো ব্যবসা-বাণিজ্য করছে। এদিকে, বিএনপি’র দুই নেতা হত্যার ঘটনায় দু’জন আসামি বেন্দারচর গ্রামের দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১)কে পুলিশ গ্রেপ্তার করেছে।