ইউটিউব দেখে শিখে ইয়াবা তৈরির কৌশল, চট্টগ্রামে মেশিনসহ যুবক গ্রেপ্তার

ইউটিউব দেখে শিখে ইয়াবা তৈরির কৌশল, চট্টগ্রামে মেশিনসহ যুবক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

চট্টগ্রামে ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন বসিয়ে মাদক উৎপাদনের অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিন, দুই পিস ইয়াবা, বিভিন্ন উপকরণ ও ট্যাবলেটের আকার নির্ধারণের যন্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার তরুণের নাম তৌহিদুল আলম আকিব (১৯)। সে পটিয়া উপজেলার কুলাগাঁও ইউনিয়নের মাজার গেট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। বর্তমানে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় একটি ভাড়া বাসায় থাকতো। পুলিশ জানায়, গত ২১শে নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশের মোবাইল টিম তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে আকিব তার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা জানায়। পরে চান্দগাঁও থানা পুলিশের একটি আভিযানিক দল তাকে সঙ্গে নিয়ে হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনে অভিযান চালায়। এ সময় তার দেখানো মতে বাসা থেকে একটি ইয়াবা তৈরির মেশিন, বিভিন্ন উপকরণ ও ট্যাবলেটের আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিব দাবি করেছে, ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শিখে সে। পরে নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে ভাড়া বাসায় স্থাপন করে। ব্যবসার উদ্দেশ্যে সেখানে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করতো বলেও জানিয়েছে সে। পুলিশ জানায়, উদ্ধার করা মেশিনটির আনুমানিক মূল্য এক লাখ ৭০ হাজার টাকা। এ ছাড়া ইয়াবা তৈরির উপকরণ হিসেবে কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার ও মেনথল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।