বেতন বাড়ানোর দাবিতে ফের গাজীপুরে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি জায়গায় অবরোধের চেষ্টা করেছে শ্রমিকরা। এ সময় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিতে ধাওয়া দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে। প্রায় পৌনে ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে শ্রীপুরসহ আশপাশের কয়েকটি কারখানার মূল ফটকে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। নিরাপত্তা বিবেচনায় প্রায় ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি ও আনসার রোড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে মিছিল করে। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতির পর তারা মহাসড়ক ছেড়ে মিছিল করতে থাকে। পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রোববার সকালে গাজীপুরের শ্রীপুরে হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা দলবদ্ধভাবে হাতে লাঠিসোঠা নিয়ে মিছিলসহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এ সময় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে মহাসড়কের পাশ দিয়ে মিছিল করতে করতে আনসার রোডের দিকে এগিয়ে যায়। এ সময় আশপাড়া মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে। এ সময় শ্রমিকরা পিছু হটে ১নং সিঅ্যান্ডবি বাজারে অবস্থানে নেয়। পুলিশ সেখানেও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে আনসার রোডের থেকে পশ্চিম দিকে পাঠিয়ে দিলে বেলা ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে শ্রীপুর পৌর শহরেও বেশকিছু দুর্বৃত্ত বিভিন্ন দোকানপাটে হামলা চালালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়। বিচ্ছিন্নভাবে ৫টি কারখানার মূল ফটকে হামলার অভিযোগ উঠেছে। এরমধ্যে রাতুল ফ্যাশনের কয়েকজন প্রহরী আহত হয় এবং কারখানার ফটকের পাশে রাখা কযেকটি যানবাহনও ভাঙচুর করা হয়। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমজাদ হেসেন বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টা করে। পরে তাদের সাউন্ড গ্রেনেড টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়া হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে ৫টি কারখানার মূল ফটকে হামলা হয়েছে, কয়েকজন গার্ড আহত হয়েছে। এ ছাড়াও ১০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে মহাসড়কে যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।
শ্রীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ
মহাসড়ক অবরোধের চেষ্টা, কারখানার ফটকেও হামলা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
২৩ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
