রেলওয়েতে নিয়োগ জালিয়াতি

সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

ফন্ট সাইজ:

বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগে নম্বরপত্র জালিয়াতির মামলায় পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাসহ দুই সাবেক কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। একই মামলার অপর আসামি সরোয়ার হোসেনকে খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত অপর কর্মকর্তা হলেন রেলওয়ের সাবেক এসডব্লিউও গোলাম কিবরিয়া। আদালত পৃথক ধারায় ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মো. এনামুল ইসলাম জানান, মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত তথ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন। রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত থাকায় তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে ইউসুফ আলী মৃধা পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০১০ সালে চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে। ১০৯টি আবেদনের মধ্য থেকে যাচাই বাছাই করে ৭০ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। ২০১১ সালের ১৮ই মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৩৭ জন। খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন। অভিযোগ অনুযায়ী, পরীক্ষকদের দেয়া মূল নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে জমা না দিয়ে তৎকালীন এসডব্লিউও গোলাম কিবরিয়া নিজেই একটি জাল নম্বরপত্র তৈরি করেন। পাশাপাশি মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিংয়ের মাধ্যমে কয়েকজন প্রার্থীর নম্বর পরিবর্তন করা হয়।

দুদকের তদন্তে উঠে আসে, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও তা পরিবর্তন করে ৪০ করা হয়। অন্যদিকে নিয়োগ পাওয়া মো. সরোয়ার হোসেনের প্রাপ্ত নম্বর ৩১ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। এতে মৌখিক পরীক্ষাসহ মোট নম্বরে সরোয়ার এগিয়ে যান। পরে তাকে নিয়োগের সুপারিশ করা হলে তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা তাতে অনুমোদন দেন। এ ঘটনায় ২০১৩ সালের ১১ই ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১শে জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়। পরবর্তী সময়ে ২০১৮ সালের ২৫শে এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে মামলার বিচার শুরু হয়।