চট্টগ্রামের আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। পর্যাপ্ত বিচারক ও আদালত না থাকায় অনেক মামলায় বছরে মাত্র এক থেকে দুইবার শুনানির তারিখ পাওয়া যাচ্ছে। এতে দীর্ঘ হচ্ছে বিচারপ্রক্রিয়া, বাড়ছে বিচারপ্রার্থীদের ভোগান্তি। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা। সমিতির সভাপতি এডভোকেট তারিক আহমদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন।
তিনি বলেন, চট্টগ্রামের আদালতগুলোতে তিন লাখের বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। মামলার তুলনায় আদালত ও বিচারকের সংখ্যা কম হওয়ায় নিয়মিত শুনানি ব্যাহত হচ্ছে। অনেক মামলায় বছরে মাত্র এক থেকে দুইবার শুনানির তারিখ পাওয়া যায়। এতে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। মঈনুদ্দীন বলেন, বিচারিক সংকট নিরসনে চট্টগ্রামে বিচারক ও ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো জরুরি। একই সঙ্গে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবন এবং মহানগর দায়রা জজ আদালত ভবন দ্রুত নির্মাণ করতে হবে। অন্যথায় মামলার চাপ সামাল দেয়া কঠিন হয়ে পড়বে।
চট্টগ্রাম ও আশপাশের জেলার বিচারপ্রার্থীদের উচ্চ আদালতে বিচার পেতে ঢাকায় যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তিতে পড়তে হয় তাদের। এ ভোগান্তি কমাতে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি জানান আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। তিনি বলেন, চট্টগ্রামে সার্কিট বেঞ্চ স্থাপন করা হলে এ অঞ্চলের মানুষের উচ্চ আদালতে বিচারপ্রাপ্তি সহজ হবে। পাশাপাশি বিচারিক কার্যক্রমের বিকেন্দ্রীকরণেও এটি ভূমিকা রাখবে। সভায় আইনজীবীদের পেশাগত সুযোগ-সুবিধার সংকটের বিষয়টিও তুলে ধরা হয়। সাধারণ সম্পাদক জানান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে বর্তমানে প্রায় ১০ হাজার আইনজীবী রয়েছেন। তাদের অধিকাংশেরই নিজস্ব চেম্বার নেই। ফলে পেশাগত কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। আইনজীবীদের জন্য দু’টি চেম্বার ভবন নির্মাণের দাবি জানিয়ে তিনি বলেন, বিচারিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়েও আইনজীবীরা প্রয়োজনীয় অবকাঠামোগত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
আইনজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেন, বিচার বিভাগের আর্থিক সক্ষমতা সীমিত। পুরো বিচার বিভাগের জন্য বরাদ্দ প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা। এই সীমিত সক্ষমতার মধ্যেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে। তবে আদালতের ভবন নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। এসব ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন। বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন মামলায় সরকারের পক্ষে ও বিপক্ষে রায় হয়েছে। বিচার বিভাগ স্বাধীন না হলে সরকারের বিপক্ষে রায় দেয়া সম্ভব হতো না। বিচার বিভাগের আর্থিক সক্ষমতা বিশ্বব্যাপী একটি চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেনÑ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবদুস সাত্তার, সাবেক এডহক কমিটির আহ্বায়ক এডভোকেট মকবুল কাদের চৌধুরী, জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, জেলা গভর্নমেন্ট প্লিডার এডভোকেট কাশেম চৌধুরী, মহানগর পিপি এডভোকেট মফিজুল হক ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি সেলিমা খানম, সহ-সভাপতি নিলুফার ইয়াসমিন লাভলীসহ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এ ছাড়া বিপুলসংখ্যক আইনজীবী সভায় অংশ নেন।
চট্টগ্রামে ৩ লাখের বেশি মামলা
হাইকোর্টের সার্কিট বেঞ্চ চান আইনজীবীরা
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৩ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
