চট্টগ্রামকে পর্যটন নগরী গড়তে বড় পরিকল্পনা জেলা প্রশাসনের

ফন্ট সাইজ:

চট্টগ্রামকে পর্যটনসমৃদ্ধ, পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক নগরী হিসেবে গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসন। তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা, জেলে পরিবারের সন্তানদের শিক্ষায় সহযোগিতা, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। রোববার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামের ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে নগরীকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ চলছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে পর্যটন খাতের বিকাশের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন প্রয়োজনীয় কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছে। একইভাবে মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত শারদীয় দুর্গাপূজা নিরাপদ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে। এসব আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যরে উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে। জেলে পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, আর্থিক সংকটের কারণে কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেজন্য শিক্ষা উপকরণ প্রদান ও পড়াশোনা অব্যাহত রাখতে সহযোগিতার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে কম্বল বিতরণ কর্মসূচি নেয়া হয়েছে। পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুলাই থেকে পরিচ্ছন্নতা অভিযান চলছে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।