চট্টগ্রামে ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর প্রলোভন, গ্রেপ্তার ১

ফন্ট সাইজ:

ছয় লাখ টাকার বিনিময়ে সার্বিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে আবদুল মাবুদ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন এলাকার ১৭টি পাসপোর্ট ও সার্বিয়ার পাঁচ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল মাবুদ জানিয়েছেন, ছয় লাখ টাকার বিনিময়ে সার্বিয়ায় পাঠানোর আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করতেন তারা। আস্থা অর্জনের জন্য পাসপোর্টধারীদের হাতে ভিসাও তুলে দেয়া হতো। তবে সেগুলো ছিল জাল। ভিসা দেয়ার আগেই ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করতো চক্রটি। পুলিশ জানায়, চক্রটির সদস্যরা ঢাকা, ময়মনসিংহ, মুন্সীগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে। সার্বিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে তুলনামূলক কম খরচে পাঠানোর প্রলোভন দেখিয়ে তারা মানুষের কাছ থেকে অর্থ আদায় করতো।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাবুদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ময়মনসিংহ, মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার মানুষের ১৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এসব পাসপোর্ট সার্বিয়া যাওয়ার আশায় প্রতারক চক্রের কাছে জমা দিয়েছিলেন ভুক্তভোগীরা। এ ছাড়া তার কাছ থেকে পাঁচ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, জাল ভিসা নিয়ে বিমানবন্দরে গেলে অভিবাসন পুলিশের যাচাইয়ে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। পরে ভুক্তভোগীরা দেশে ফিরে এলে তাদের ব্যক্তিগত সমস্যার কারণে যাত্রা সম্ভব হয়নি বলে দাবি করতো চক্রের সদস্যরা। এমন কয়েকজনের বিমানবন্দর থেকে ফিরে আসার তথ্যও দিয়েছেন গ্রেপ্তার মাবুদ। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।