জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পাশের দেশে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও তাদের কিছু অনুসারী দেশের বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে অগ্নিসন্ত্রাস করছে। পেট্রল বোমা মারছে। যানবাহনে আগুন দিয়ে মানুষ মারছে। তাদের এসব আগুন সন্ত্রাস চলতে দেয়া হবে না। ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের আগুন সন্ত্রাস রুখে দেয়া হবে।
তিনি বলেন, নিজেদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যাপারে দেশের সকল মানুষ ঐক্যবদ্ধ। মানুষ জুলাই বিপ্লবের কথা ভুলে যায়নি। জুলাই বিপ্লবের সময় ফ্যাসিস্টরা কীভাবে সাধারণ ছাত্র-জনতার ওপরে হামলা করে নির্বিচারে মানুষ হত্যা করেছে। শিশু থেকে নারী কাউকে রেহাই দেয়নি। ছাত্রীদের ওপরে কীভাবে হামলা করেছে। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করেছে। এসব কথা দেশের মানুষের মনে আছে। দুলু বলেন, ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়া নেত্রী শেখ হাসিনা পাশের দেশে নিরাপদে বসে থেকে নিজের দেশে থাকা সাধারণ নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলছে। নেতাকর্মীদের অগ্নিসন্ত্রাসের জন্য উৎসাহিত করে তাদের বিপদে ফেলার পাশাপাশি দেশের সাধারণ মানুষকে হত্যা করতে উৎসাহিত করছে। দেশের সম্পদ পুড়িয়ে দেশকে অকার্যকর প্রমাণ করার বৃথা চেষ্টা করছে। এই দেশে আওয়ামী লীগকে আর কখনো মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না। তাদের সকল অপকর্ম সম্পর্কে দেশের মানুষ সজাগ রয়েছে।
সারা দেশে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রোববার নাটোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে শহরের কানাইখালি পুরাতন বাস টার্মিনালের সমাবেশে আরও বক্তব্য রাখেনÑ নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদস্য নাসিম উদ্দিন নাসিম ও জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ। এর আগে দলের জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে কানাইখালী পুরাতন বাস টার্মিনালের সমাবেশে মিলিত হয়।
ফ্যাসিস্টদের আগুন সন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রুখে দেয়া হবে: -হুইপ দুলু
নাটোর প্রতিনিধি
২৩ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
