পাংশায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক সদস্য গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাজবাড়ীর পাংশায় মো. শফিকুল ইসলাম (২১) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। শনিবার রাত ১১টার দিকে উপজেলার মেঘনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিকুল উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিওর গ্রামের মৃত খালেক প্রামাণিকের ছেলে। তিনি মাছপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য।
থানা সূত্রে জানা যায়, মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বর্তমান সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে তার বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশি পাহারায় তাকে আদালতে পাঠানো হয়েছে।