ধুনটে ছাত্রদল নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

ফন্ট সাইজ:

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব লিমন সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত লিমন সরকার উপজেলার বহালগাছা গ্রামের আব্দুল করিমের ছেলে।
জানা যায়, শনিবার রাতে পাশের নছরতপুর গ্রাম থেকে একটি ওয়াজ মাহফিল শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন লিমন। পথে পাঁচথুপি বাজার এলাকার একটি পরিত্যক্ত করাতকলের কাছে পৌঁছালে দু’টি মোটরসাইকেলে থাকা হেলমেট পরিহিত কয়েকজনকে দেখতে পান তিনি।

এ সময় মোটরসাইকেলের গতি কমাতেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে রামদা দিয়ে কোপাতে থাকে। এতে তার বাম হাত গুরুতর জখম হয় এবং তিনি মোটরসাইকেলসহ সড়কের পাশে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলার একপর্যায়ে ওই সড়ক দিয়ে অন্য একটি মোটরসাইকেল আসতে দেখে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত অবস্থায় লিমন ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি দোকানে গিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।