ছাতকের নোয়ারাই ইউনিয়নে একটি ভোটকেন্দ্রের নির্বাচনী সাব-সেন্টার স্থানান্তরের দাবিতে স্থানীয় এলাকাবাসী ও ভোটারদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বর্তমান ভোটকেন্দ্র উপজেলার ২নং ওয়ার্ডের হাজী আজমত আলী উচ্চ বিদ্যালয় থেকে সাব-সেন্টারটি সরিয়ে নোয়ারাই ইউনিয়নের ছনখাইড়-আঙ্গারুকা এলাকাবাসীর সাধারণ ভোটারের সুবিধার্থে মখলিছ আলী ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ অথবা ‘হাজী গজম্বর আলী হাফিজিয়া ও কওমিয়া মাদ্রাসায়’ স্থানান্তরের দাবি জানানো হয়েছে। গত শনিবার দুপুর ২টায় নোয়ারাই ইউনিয়নের ছনখাইড় মখলিছ আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে স্থানীয়দের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ২নং নোয়ারাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল। এতে ছনখাইড় ও আঙ্গারুকা গ্রামের বিপুলসংখ্যক সাধারণ ভোটার, মুরুব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বর্তমান সাব-সেন্টারটি আঙ্গারুকা গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার এবং ছনখাইড় গ্রাম থেকে অন্তত ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত। নোয়ারাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মোট ১ হাজার ৬২৫ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৪৭ জন এবং নারী ভোটার ৭৭৮ জন। বিদ্যমান কেন্দ্রটি দূরবর্তী হওয়ায় ভোটের দিন যাতায়াত সমস্যায় নানান প্রতিবন্ধকতা তৈরি হবে। বিশেষ করে প্রবীণ নারী, পুরুষ ও অসুস্থ ভোটারদের চরম দুর্ভোগ পোহাতে হবে। এতে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে নিরুৎসাহিত হওয়ার শঙ্কা দেখা দিবে বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা।
বক্তারা আরও বলেন, ভোটারদের ভোগান্তি লাঘব, যাতায়াতের স্বাচ্ছন্দ্য এবং উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে ভোটগ্রহণের স্বার্থে দ্রুততম সময়ে সাব-সেন্টারটি ছনখাইড় মখলিছ আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কিংবা হাজী গজম্বর আলী কওমিয়া মাদ্রাসায় স্থানান্তর করা আবশ্যক। এ বিষয়ে তারা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। উপজেলার নোয়ারাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল আবেদিন আবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেনÑ প্রভাষক আব্দুছ ছালাম, আলতাব আলী, কালা মিয়া, মখদ্দুছ আলী, আব্দুল কাইয়ুম, রজব আলী, কুতুব আলী, আলীমুল্লাহ, নোয়াব আলী, সফর আলী, আনোয়ার মিয়া, নুর আলী, জালাল মিয়া, মর্তুজ আলী, আসরব আলী, হুসিয়ার মিয়া, আবেদ আলী, ফজলু মিয়া, সাদেক মিয়া, মসাইদ মিয়া, আছাব আলী, মুনসুর মিয়া ও রহমত আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মোহাম্মদ আলী।
