শ্রমিকদের জন্য হাসপাতাল, আবাসন, তাদের পরিবারের জন্য স্কুল নির্মাণ ও প্রবাসীদের জন্য আলাদা পল্লী তৈরির পরিকল্পনা এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে ঢাকার সম্প্রসারিত আধুনিক নগরী গড়ার অঙ্গীকার করে দায়িত্ব গ্রহণ করলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক) এর নতুন চেয়ারম্যান বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল।
দায়িত্ব নিয়ে প্রথমেই সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অপরিকল্পিত নগরায়ণকে পরিকল্পিত কাঠামোর মধ্যে নিয়ে আসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেছেন।
রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব পরিকল্পনা ও প্রত্যয়ের কথা জানান। এর আগে প্রথম কর্মদিবসে কার্যালয়ে পৌঁছালে গাজীপুরের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাবেক কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। এ সময় গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, জেলা বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সবুজ, মহানগর বিএনপি নেতা সুরুজ আহম্মেদ, নাসির উদ্দিন, সাজ্জাদুর রহমান মামুন, জেলা বিএনপি নেতা মোশারফ হোসেন রবিন ও সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, সবদের হাসান, তানভীর আহমেদ, এডভোকেট নজরুল ইসলাম, খায়রুল আলম উপস্থিত ছিলেন।
কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, গাজীপুরকে একটি অত্যন্ত আধুনিক নগরী হিসেবে দেখতে চান তিনি। ঢাকা এখন বিশাল মেগাসিটিতে পরিণত হয়েছে। জনসংখ্যার তুলনায় সেখানে আবাসনের সুযোগ সীমিত। এ অবস্থায় গাজীপুরকে ঢাকার সম্প্রসারিত নগরী হিসেবে গড়ে তুলতে পারলে আবাসন ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে ঢাকা ও গাজীপুরের মধ্যে যোগাযোগ সহজ হলে রাজধানীর ওপর চাপ কমানো এবং নগরজীবনের বিকেন্দ্রীকরণ সম্ভব হবে।
উন্নয়ন পরিকল্পনার অগ্রাধিকার প্রসঙ্গে তিনি বলেন, সবার আগে প্রয়োজন রাস্তাঘাট ও চলাচল ব্যবস্থার উন্নয়ন। এর পাশাপাশি গাজীপুরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঘরবাড়ি, মিল-কারখানা ও আবাসনকে একটি সুশৃঙ্খল পরিকল্পনার আওতায় আনতে হবে। তা না হলে আধুনিক নগর গড়ে তোলা সম্ভব নয়। এ বিষয়টিকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে জানান।
গাজীপুরের শিল্পাঞ্চলের শ্রমিকদের জীবনমান উন্নয়নেও বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরেন নতুন চেয়ারম্যান। তিনি বলেন, গাজীপুরে শত শত শিল্পকারখানা রয়েছে এবং লাখ লাখ শ্রমিক এখানে কাজ করেন। তাদের কল্যাণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতাল, আবাসনের ব্যবস্থা এবং তাদের সন্তানদের লেখাপড়ার জন্য স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা ও সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাবে।
গত ১১ই নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়।
