চৌদ্দগ্রামে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

চৌদ্দগ্রামে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

ফন্ট সাইজ:

কুমিল্লার চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপবোঝাই আটটি গরু ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে হাইওয়ে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বালুজুড়ি এলাকায় সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাব উদ্দিন।
পুলিশ জানায়, সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা গ্রামের জনৈক মো. আবুল কাশেম সোমবার বিকালে ফেনীর ছাগলনাইয়া চাদ বাজার থেকে ছোট-বড় আটটি গরু ক্রয় করেন। পরে গরুগুলো তার নিজের মালিকানাধীন পিকআপবোঝাই করে বিক্রির উদ্দেশ্যে চৌয়ারা বাজারের উদ্দেশ্যে রওয়ানা করেন। পথিমধ্যে রাত পৌঁনে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলাকার বালুজুড়ি ব্রিজের উত্তর পাশে পৌঁছলে পিকআপটি বিকল হয়ে যায়। কিছুক্ষণ পর নবগ্রামের ইলিয়াছ হোসেন, বালুজুড়ির এএসএম রিফাত ও নোয়াপাড়ার রায়হান হোসেনের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৩-৪ জন দেশীয় অস্ত্রশস্ত্র ও কাঠের রোল নিয়ে পিকআপচালক ও হেলপার মো. আকাশকে মারধর করে পিকআপসহ গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে। এছাড়াও তারা একটি মোবাইল সেট ও নগদ বিশ হাজার টাকা নিয়ে যায়। তাৎক্ষণিক খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ইলিয়াছ হোসেন, এএসএম রিফাত ও রায়হান হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাব উদ্দিন মঙ্গলবার বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। সোমবার গভীর রাতে গরুবোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন