নওগাঁর নিয়ামতপুরে টানা তিন দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন আমন চাষিরা। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ফসলি জমি। কোথাও জমিতে হাঁটুপানি, আবার কোথাও কেটে রাখা পাকা ধান পড়ে আছে পানির মধ্যে। সময়মতো ঘরে তুলতে না পারায় ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কৃষকদের সারা বছরের কষ্টে ফলানো সোনালি ফসল। এতে আমন ধানের ব্যাপক ক্ষতির শঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
রোববার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, অনেক কৃষক পাকা ধান কেটে জমিতেই ফেলে রেখেছেন। টানা বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় ধান শুকানো ও ঘরে তোলা সম্ভব হচ্ছে না। আবহাওয়া অনুকূলে না থাকায় বাড়ছে উদ্বেগ। কৃষকদের আশঙ্কা, দীর্ঘ সময় পানিতে পড়ে থাকলে ধানের রং নষ্ট হওয়ার পাশাপাশি অঙ্কুরোদগম ও গুণগত মান কমে যেতে পারে। জানা গেছে, চলতি মৌসুমে নিয়ামতপুর উপজেলায় ৩০ হাজার ৪৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এ বছর আমন ধানের সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৮২০ টন। হেক্টরপ্রতি গড় উৎপাদন লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৭২ টন।
উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বনগাঁ চান্দইল গ্রামের কৃষক আকবর আলী বলেন, এ বছর প্রায় এক একর জমিতে আমন ধানের আবাদ করেছি। সব ধান কেটে জমিতে ফেলে রেখেছি। বৃষ্টির কারণে সেগুলো ঠিকমতো ঘরে তুলতে পারবো কিনা, তা নিয়ে চিন্তায় আছি। এদিকে শনিবার বেণীপুরে প্রান্তিক সাপ্তাহিক হাটে কৃষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, ‘বিএনপি সরকার কৃষকদের বন্ধু। আমি নিজেও কৃষক পরিবারের সন্তান। আমার নির্বাচনী এলাকার কৃষকদের দুঃখ-দুর্দশা দেখছি এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমাদের প্রাণপ্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।’ তবে কৃষকদের উদ্বেগের মধ্যে আশার কথা শুনিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি বলেন, আশা করছি, আগামী দু-একদিনের মধ্যেই আবহাওয়া অনুকূলে ফিরে আসবে। বৃষ্টিতে আমন ধানের উৎপাদনে তেমন কোনো ক্ষতি হবে না।’
