আওয়ামী লীগ গোপনে পুনর্গঠনের তৎপরতা, ধরাছোঁয়ার বাইরে মজনু

ফন্ট সাইজ:

হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. মজনু মিয়ার বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনৈতিক সহিংসতা, সাধারণ মানুষকে হয়রানি এবং গোপনে আওয়ামী লীগ ও যুবলীগকে পুনর্গঠনের তৎপরতার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট সাংবাদিককে বিভিন্নভাবে হুমকি দেয়ার অভিযোগও পাওয়া গেছে। তবে নানা অভিযোগের পরও এখনো গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মজনু মিয়া। রাজনৈতিক পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিলেন। তার বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনৈতিক সহিংসতা এবং নিরীহ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে মজনু মিয়া গোপনে সৌদি আরবে চলে যান। পরবর্তী সময়ে দেশে ফিরে আসার পর তার রাজনৈতিক তৎপরতা ও চলাফেরা নিয়ে এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, তিনি আড়ালে থেকে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংগঠিত করে দলীয় কার্যক্রম পুনরায় সক্রিয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি কলিম নগর এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের আকস্মিক মিছিল ও সহিংস কর্মকাণ্ডের ঘটনায় মজনু মিয়ার সম্পৃক্ততা নিয়েও স্থানীয়দের মধ্যে নানা অভিযোগ ও আলোচনা রয়েছে।

যদিও ওই ঘটনায় দায়ের করা মামলায় তার নাম নেই। ফলে ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে, সাধারণ ও অসহায় মানুষকে হয়রানি করতে মিথ্যা মামলা দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, মজনু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট সাংবাদিককে বিভিন্ন ধরনের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে সাংবাদিকের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।