সিলেট প্রেস ক্লাবে সালেহ চৌধুরী

প্রবাসীদের সমস্যা সমাধানে শক্তিশালী জনমত গঠনের আহ্বান

ফন্ট সাইজ:

সিলেট বিভাগের প্রায় ৩০ লাখ প্রবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের মধ্যে শক্তিশালী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের মূলধারার কমিউনিটি লিডার ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি সালেহ চৌধুরী। তিনি বলেছেন, প্রবাসীদের গুরুত্বপূর্ণ দাবিগুলো সরকারের কাছে যথাযথভাবে তুলে ধরতে জনপ্রতিনিধি, সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি তা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিক, আইনজীবী, শিক্ষকসহ সচেতন ও শিক্ষিত সমাজের প্রতিনিধিদের এগিয়ে আসা প্রয়োজন। রোববার সিলেট প্রেস ক্লাবে সাংবাদিক ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সালেহ চৌধুরী সিলেটের প্রবাসীদের যাতায়াত-সুবিধা, বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন, ধর্মীয় সুবিধা এবং সড়ক যোগাযোগব্যবস্থা উন্নয়নে কয়েকটি দাবি তুলে ধরেন। মতবিনিময়ে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের ফ্লাইট চালুর দাবি জানান।

তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাই দুবাই, এয়ার অ্যারাবিয়া ও সালাম এয়ারের ফ্লাইট অবতরণ করছে। সিলেটের ৩০ থেকে ৩২ লাখ প্রবাসীর যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে বিশ্বের অন্যতম বৃহৎ এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজের ফ্লাইট ওসমানী বিমানবন্দরে চালু করা প্রয়োজন। তার ভাষ্য অনুযায়ী, কাতার এয়ারওয়েজ বিশ্বের ১৭০টি রুটে চলাচল করে এবং যুক্তরাষ্ট্রের ১১টি ও কানাডার দু’টি শহরে ফ্লাইট পরিচালনা করে। এ সেবা চালু হলে ইউরোপ, আমেরিকা, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিলেটের প্রবাসীরা আরও সহজে সরাসরি ওসমানী বিমানবন্দরে যাতায়াত করতে পারবেন।

ওসমানী বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবি জানিয়ে তিনি বলেন, ২০২০ সালে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। ২০২৩ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ২৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সরকারের নির্ধারিত ২০২৭ সালের সময়সীমার মধ্যে নির্মাণকাজ শেষ করতে দিন-রাত ২৪ ঘণ্টা কাজ চালানোর দাবি জানান তিনি। বিমানবন্দরের মসজিদ আধুনিকায়ন করে দোতলা ভবনে রূপান্তরেরও প্রস্তাব দেন সালেহ চৌধুরী। তার মতে, মসজিদটি সম্প্রসারণ করা হলে হজ ও ওমরাহ যাত্রীরা সেখান থেকে শেষবারের মতো ইহরাম পরে পবিত্র মক্কা-মদিনার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন। এতে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য আরও সুন্দর ও পরিপূর্ণ ইবাদতের পরিবেশ তৈরি হবে। তিনি জানান, মসজিদ সম্প্রসারণে আনুমানিক ১০ কোটি টাকা ব্যয় হতে পারে। এ প্রসঙ্গে তিনি শাহজালাল মাজার মসজিদ কমপ্লেক্স নির্মাণে ১০০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাবিত হিসাবের বিষয়টিও উল্লেখ করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাব সভাপতি মুকতাবিস উন নূর। সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেনÑ সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, মানবাধিকার হিউম্যান ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান দিলওয়ার হোসেন খান, অধ্যাপক জাহিদুল ইসলাম, আব্দুল মালিক এডভোকেট প্রমুখ।