প্রবাসী বুরহান উদ্দিন শফি হত্যা

বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরিবারের

ফন্ট সাইজ:

‘বাবার মৃত্যুর পর বড় ভাই বুরহান উদ্দিন শফিই ছিলেন পরিবারের অভিভাবক। আজ সেই ভাই নেই। মা সন্তান হারিয়ে প্রতিদিন জায়নামাজে বসে চোখের পানি ফেলেন। ভাবী হারিয়েছেন স্বামী, সন্তানরা হারিয়েছে বাবাকে। আমরা শুধু ভাই হত্যার বিচার চাই।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন নিহতের ছোট বোন শাহ আছমা জাহান। যুক্তরাজ্য প্রবাসী সিলেট নগরের চৌকিদেখী এলাকার বাসিন্দা শাহ বুরহান উদ্দিন শফি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার। রোববার সিলেট নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের ছোট বোন শাহ আছমা জাহান লিখিত বক্তব্যে এসব দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেনÑ তাদের শোকাহত মা জাহানারা বেগম, যুক্তরাজ্য প্রবাসী বড় ভাই শাহ সালাহ উদ্দিন মিছবাহ ও আনসার মিয়া, চাচা আমির হোসেন ও হিরা মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। লিখিত বক্তব্যে শাহ আছমা জানান, গত ২৮শে জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তার বড় ভাই শাহ বুরহান উদ্দিন শফি। ৩০শে জানুয়ারি চৌকিদেখী ১ নম্বর গলির নিজ বাসা থেকে কুলাউড়ায় যাওয়ার কথা বলে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরদিন ৩১শে জানুয়ারি তিনি এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের চার দিন পর ৩রা ফেব্রুয়ারি জকিগঞ্জের একটি হাওর থেকে পুলিশ তার ভাইয়ের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে জকিগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে গত ২০শে ফেব্রুয়ারি প্রধান আসামি ওসমানীনগরের উছমানপুর গ্রামের সৈয়দ মহিবুর ছামাদ ওরফে শাহীনের ছেলে সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভন, দ্বিতীয় আসামি জকিগঞ্জের ইলাবাজ গ্রামের আব্দুস সামাদ দুলনের ছেলে মো. সাব্বির আহমদ এবং চতুর্থ আসামি ঘেচুয়া গ্রামের আব্দুল হকের ছেলে তাহিরুল হককে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।