গাকৃবিতে গবেষণার মান, নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিতের উদ্যোগ

ফন্ট সাইজ:

গবেষণার গুণগত উৎকর্ষ নিশ্চিত করা, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং গবেষণায় নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি জোরদার করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উদ্যোগ নেয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)। এতে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষকরা অংশগ্রহণ করেন। চারটি বিশেষায়িত অধিবেশনে সাজানো প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. নাসরিন আক্তার আইভী। তিনি গবেষণার গুণগত মানোন্নয়ন, নৈতিক চর্চা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা পরিবেশ গড়ে তুলতে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রথম অধিবেশনে ‘গবেষণার গুণগত মান, উদ্ভাবন ও বৈশ্বিক গবেষণা-মানদণ্ড বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমান। তিনি গবেষণায় মৌলিকত্ব, উদ্ভাবনী চিন্তা, পদ্ধতিগত উৎকর্ষ, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং গবেষণালব্ধ জ্ঞানের কার্যকর প্রয়োগের ওপর গুরুত্ব দেন। দ্বিতীয় অধিবেশনে ‘টেকসই উন্নয়নে দায়িত্বশীল কৃষি গবেষণার অগ্রযাত্রা বিষয়ে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান। তিনি কৃষি গবেষণায় পরিবেশগত ভারসাম্য, জলবায়ু সহনশীল প্রযুক্তি, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং কৃষকের বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিয়ে গবেষণা পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তৃতীয় অধিবেশনে ‘গবেষণার উৎকর্ষ সাধন, গবেষণার সততা, প্রকাশনা-নৈতিকতা ও দায়িত্বশীল লেখকত্ব বিষয়ে আলোচনা করেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আবু আশরাফ খান। তিনি গবেষণায় তথ্যের যথার্থতা, মৌলিকত্ব ও সততা বজায় রাখা, চৌর্যবৃত্তি পরিহার, গবেষণাপত্রে যথাযথ উদ্ধৃতি প্রদান এবং লেখকত্ব নির্ধারণে স্বচ্ছ ও ন্যায়সংগত নীতিমালা অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করেন।

চতুর্থ অধিবেশনে ‘গবেষণার সততা নিশ্চিতকরণ: স্বচ্ছতা, পুনরুৎপাদনযোগ্যতা ও জবাবদিহি বিষয়ে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. সাইফুল ইসলাম আফ্রাদ। তিনি গবেষণার তথ্য, পদ্ধতি ও ফলাফল যথাযথভাবে সংরক্ষণ ও উপস্থাপন, গবেষণার ফলাফল পুনরায় যাচাইয়ের সুযোগ সৃষ্টি এবং গবেষণার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আলোকপাত করেন। প্রতিটি অধিবেশনে বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি উন্মুক্ত প্রশ্নোত্তর-পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষকরা গবেষণার বিভিন্ন চ্যালেঞ্জ, নৈতিক জটিলতা, প্রকাশনাসংক্রান্ত বিষয় এবং দায়িত্বশীল গবেষণা চর্চা নিয়ে আলোচকদের সঙ্গে মতবিনিময় করেন।