গোপালগঞ্জসহ সারা দেশে সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ

ফন্ট সাইজ:

পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের গোপালগঞ্জসহ সারা দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার বিকালে মনিহার এলাকা থেকে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনার গুণ্ডাবাহিনী গোপালগঞ্জে সাধারণ মানুষের বাড়িঘর ও থানা লুটপাট করেছে। তিনজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। মানুষের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ করে কিংবা বোমা ফাটিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না। বিগত ১৭ বছর যশোরসহ সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ত্রাস ও সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে।

তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনকে অবিলম্বে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আটকের জোর দাবি জানিয়ে বলেন, পাড়া-মহল্লায় সকলকে সজাগ থাকতে হবে। সন্ত্রাসীদের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই। তারা উঁকি দেয়ার চেষ্টা করলে সন্ত্রাসীদের বিষ দাঁত ভেঙে দিতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।