কিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে বল্লমের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কালু মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের ভাট্টা গাববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি করগাঁও ইউনিয়নের কাটুরদিয়া গ্রামের আবদুস সালামের ছেলে।
জানা যায় , রাস্তা নিয়ে সোহেল মিয়ার শ্বশুর ও চাচা শ্বশুরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কালু মিয়া নামের এক ব্যক্তি সোহেল মিয়াকে বল্লম দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এই আঘাতেই তার মৃত্যু হয়। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
