ময়মনসিংহের ধোবাউড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে বাধা প্রদান এবং তথ্য সংগ্রহকারীকে গালিগালাজ করার অভিযোগে স্থানীয় কামাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তথ্য সংগ্রহকারী এক নারী ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার রাতে ওই ব্যক্তিকে আটক করা হয়।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শনিবার সকালে উপজেলার হাজংপাড়া এলাকায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করছিলেন তথ্য সংগ্রহকারী ওই নারী। এ সময় স্থানীয় কামাল হোসেন তার তথ্য সংগ্রহের কাজে বাধা দেন। একই সঙ্গে তার স্ত্রীকে তথ্য দিতে নিষেধ করেন এবং ফ্যামিলি কার্ড নিয়ে বিরূপ মন্তব্য করেন।
বিষয়টি দায়িত্বরত সুপারভাইজার মাহমুদুল হাসানকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে গেলে তাকেও সরকারি কাজে বাধা দেন কামাল হোসেন। পরে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিলে ধোবাউড়া থানা পুলিশ শনিবার রাতে অভিযুক্ত কামাল হোসেনকে আটক করে। এ ব্যাপারে সুপারভাইজার মাহমুদুল হাসান আশিক বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের সময় কাজে বাধা দেয়া এবং ফ্যামিলি কার্ড নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি। এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
