পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং সংঘাতের পেছনে রয়েছে অর্থনৈতিক হিসাব-নিকাশ। বাঘাবাড়ী নৌপথে জাহাজ ও কার্গো থেকে তেল সরবরাহ-বাণিজ্য, ডাকবাংলা ঘাটের নিয়ন্ত্রণ, নৌপথে পণ্য পরিবহন, খেয়া পারাপার এবং সাব-রেজিস্ট্রি অফিসকেন্দ্রিক আর্থিক লেনদেনÑ সবমিলিয়ে বেড়ার কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিযোগিতা দীর্ঘদিনের। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে এসব কর্মকাণ্ডের একাংশ নিয়ন্ত্রণ করতো দলটির প্রভাবশালী নেতাকর্মীদের একটি অংশ। রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন করে সরকার-সমর্থক পরিচয়ে স্থানীয় কিছু গোষ্ঠী এসব নিয়ন্ত্রণে নিতে তৎপর হয়েছে। আর এ নিয়েই বিরোধ নতুন রাজনৈতিক সংঘাতে রূপ নিয়েছে।
গত বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বেড়া মডেল থানার সামনে দলটির নেতাকর্মীদের মিছিল থেকেই উত্তেজনার নতুন পর্ব শুরু হয়। ওই রাতেই বৃশালিখা ও সওদাগরপাড়া এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জের ধরে পরবর্তী দুইদিন বেড়া পৌর এলাকার বিভিন্ন মহল্লায় সংঘর্ষ, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ছড়িয়ে পড়ে।
শনিবার স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় দুই পক্ষের মধ্যে আবারো সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়। গুরতর আহত ১৫ বছর বয়সী জিসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। দুই পক্ষের সমর্থকদের পাঁচ থেকে সাতটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
বেড়ার ডাকবাংলা ঘাটসংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকায় রয়েছে সাবরেজিস্ট্রি অফিস। জমি কেনাবেচা ও দলিল নিবন্ধনকে কেন্দ্র করে প্রতিদিন এখানে বিপুলসংখ্যক মানুষের যাতায়াত ও আর্থিক লেনদেন হয়। স্থানীয় পর্যায়ে অভিযোগ রয়েছে, এ অফিসকে কেন্দ্র করে মাসে প্রায় ৩০ লাখ টাকার অবৈধ লেনদেন হয়। এই অর্থ কারা নেয়, কীভাবে লেনদেন হয় এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক গোষ্ঠী বা দালালচক্র জড়িত কিনাÑ তা নিয়ে নানা আলোচনা রয়েছে। তবে অভিযোগটির পক্ষে এখনো কোনো নথিপত্র, নির্দিষ্ট ভুক্তভোগীর বক্তব্য কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। ফলে বিষয়টি তদন্তের দাবি রাখে।
স্থানীয়দের অভিযোগ, হাতিগাড়া এলাকার কিছু লোকজন ডাকবাংলা ঘাটসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোর উপর প্রভাব বিস্তার করতে চান। অন্যদিকে, এসব এলাকায় আগে থেকে যাদের নিয়ন্ত্রণ ও প্রভাব ছিল, তারাও তা ধরে রাখতে তৎপর। ফলে পুরনো স্থানীয় বিরোধ, অর্থনৈতিক স্বার্থ এবং রাজনৈতিক পরিচয় একাকার হয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি করছে বলে মনে করছেন তারা।
সংঘর্ষের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের ক্ষোভের মধ্যে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়। শনিবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এ আদেশ দেয়া হয় বলে নিশ্চিত করেন পুলিশ সুপার আবু আশ্রাফ।
এদিকে, রোববার ভোররাতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করেছে বেড়া থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নতুন ওসি। অন্যদিকে, সন্ত্রাসবিরোধী আইনে সাঁথিয়া থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
