গত ৭ই মার্চ দুবাইয়ের আজমান শহরে একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের সাজেদুল (৫০)। ঈদের আগে অন্তত তার লাশ দেশে ফেরত আনতে পারবেন বলে আশা ছিল পরিবারের। কিন্তু নানা জটিলতায় এখন পর্যন্ত দেশে আনা সম্ভব হয়নি তার লাশ। প্রবাসে মৃত্যুবরণ করা সাজেদুল উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের মজিবর রহমানের ছেলে। দীর্ঘ সময় তিনি প্রবাসী হিসেবে বিভিন্ন দেশে কাজ করছিলেন। সর্বশেষ গত প্রায় এক বছর পূর্বে দুবাই যান। নিহতের ভাই মাসুদ পারভেজের সঙ্গে কথা বলে জানা যায়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ইরান যুদ্ধের কারণে ফ্লাইট বন্ধ থাকায় দেশে আসতে পারছিলেন না তার ভাই। শারীরিকভাবে অসুস্থ বোধ করা ভিসার মেয়াদ না বাড়িয়ে দেশে ফেরত আসার পরিকল্পনা ছিল। এ নিয়ে সর্বশেষ গত ৩রা মার্চ কথা হয় তার সঙ্গে। কিন্তু পরদিন থেকে তাকে মোবাইলে না পেয়ে গত ৯ই মার্চ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি দুবাইতে কর্মরত অন্য আত্মীয়দের দৃষ্টিগোচর হয়। তাদের মাধ্যমে গত ১২ই মার্চ রাতে জানতে পারেন যে গত ৭ই মার্চ দুবাইয়ের আজমান এলাকায় শেখ খলিফা হাসপাতালে মারা গেছে তার ভাই। মাসুদ অভিযোগ করে বলেন, ভাইয়ের লাশ দেশে আনার জন্য আমি টাঙ্গাইল প্রবাসী কল্যাণ সেন্টারে যোগাযোগ করে অনেক কষ্টে আবেদন জমা দিয়েছি। সেখানকার লোকজন একটু আন্তরিকভাবে চেষ্টা করলে হয়তো ভাইয়ের লাশ ঈদের আগেই দেশে আসতো। টাঙ্গাইল প্রবাসী সেন্টারের সহকারী পরিচালক ফারুক বলেন- আমি তার আবেদন গ্রহণ করেছি। কিন্তু ঈদের বন্ধের কারণে এখন কিছু করার সুযোগ নেই। তাকে ঈদের পর আসতে বলেছি।
বন্ধের জটলায় প্রবাসীর লাশ, অপেক্ষায় পরিবার
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
১৮ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
