লালমোহনে ফেসবুক ভিডিওতে প্রতিবেশীর অভিযোগ, সত্য উদ্‌ঘাটনের দাবি অধ্যক্ষের

ফন্ট সাইজ:

ভোলার লালমোহন উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও এর অধ্যক্ষকে জড়িয়ে একাধিক অভিযোগ তুলে পোস্ট দেয়াকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এসব অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন। জানা গেছে, লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের প্রতিবেশী আব্দুল মোতালেব এক ফেসবুক পোস্টে দাবি করেন, তার বসতবাড়িতে যাতায়াতের পথ বন্ধ, গাছপালা ও ঘরবাড়ির ক্ষতিসাধন, অগ্নিসংযোগ এবং প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।

এসব ঘটনার সঙ্গে অধ্যক্ষ রুহুল আমিন জড়িত রয়েছেন। ওই পোস্টে আব্দুল মোতালেব উল্লেখ করেন, গত ১৫ই আগস্ট একটি রেইনট্রি গাছ কাটার ঘটনায় তার গাছপালা ও ঘরবাড়ির ক্ষতি হয়েছে। এ ছাড়া গত ১৭ই নভেম্বর সকালে পুকুরপাড়ের বেড়ায় থাকা জালে আগুন দেয়ার অভিযোগও তোলেন তিনি। তবে তার এসব অভিযোগের ভিত্তিতে সরজমিন পরিদর্শন করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব ঘটনার নির্ভরযোগ্য সত্যতা পাওয়া যায়নি। জানা যায়, গত বছর ঘূর্ণিঝড়ে একটি রেইনট্রি গাছ উপড়ে পড়েছিল। তবে ওই ঘটনায় কোনো ঘরবাড়ির ক্ষতি হয়নি। অন্যদিকে, পুকুরপাড়ের বেড়ার জালে অগ্নিসংযোগ কিংবা বসতবাড়িতে যাতায়াতের পথ বন্ধ করার ঘটনাও জানেন না স্থানীয়রা। তাদের ধারণা; প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন ও অধ্যক্ষকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ ধরনের কাজ করতে পারেন আব্দুল মোতালেব নামে ওই ব্যক্তি।

অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, আমি চাই, সাংবাদিক ও সংশ্লিষ্ট প্রশাসন নিরপেক্ষভাবে বিষয়টি অনুসন্ধান করুক। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর সত্যতাও যাচাই করা হোক। একইসঙ্গে মিথ্যা তথ্য প্রচার করা হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিও জানান অধ্যক্ষ মো. রুহুল আমিন। অপরদিকে অভিযোগকারী আব্দুল মোতালেব জানান, এ ঘটনার কয়েক মাস আগে ঝড়ে একটি গাছ উপড়ে পড়লে আমি ওই গাছটি হা-মীম একাডিমের অধ্যক্ষকে দ্রুত সরাতে বলি। তবে তাদের গাছটি সরাতে দেরি হওয়ায় আমার ঘরের এবং পাশের কয়েকটি গাছের কিছুটা ক্ষতি হয়েছে।

আমি প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে এসব ঘটনার সুবিচার কামনা করছি। এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউই থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।