পিডিবি’র একটি দেয়াল পুনঃনির্মাণ কাজের জন্য গত ৫ দিন ধরে এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার মানুষ। এদিকে এই কাজ কীভাবে করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়রা জানান, শহরের দাতিয়ারায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উত্তরাংশের পুরনো সীমানা প্রাচীরের একটি অংশ গত ১৫-২০ বছর ধরে হেলে আছে। সম্প্রতি ওই অংশের ১শ’ ফুট পুনঃনির্মাণকাজ শুরু হয়। দেয়ালের কয়েক স্থানে ভেঙে সেখানে বুধবার থেকে পাইলিং করা হচ্ছে। এতে ওইদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
স্থানীয়রা জানান, জরুরি কাজের কথা বলে এরপর প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে চালানো হচ্ছে পাইলিং কাজ। সরজমিন দেখা গেছে সীমানা প্রাচীর করার জন্য পাইলিংয়ের কাজ চলছে। উপরে বিদ্যুৎ সরবরাহ লাইন থাকায় বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ। তবে স্থানীয়রা জানান, কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ খেয়াল-খুশিতে পরিণত করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। কোনো ঘোষণাও দেয়া হচ্ছে না। রোববার সকাল ১০টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে ওই এলাকায়। তাছাড়া পাইলিংয়ের কারণে আশপাশের বিল্ডিং কাঁপছে। স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া বলেন, পাইলিংয়ের কারণে আমার বিল্ডিং ভেঙে পড়ার মতো অবস্থা। তাদের বলার পরও শোনেনি।
এদিকে দেয়াল পুনঃনির্মাণকাজ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছি। কোনো তদারকি ছাড়াই হচ্ছে এ কাজ। কয়েকজন শ্রমিক ছাড়া সেখানে কাজ দেখার অফিস নিয়োজিত কাউকে পাওয়া যায়নি। ঠিকাদারের খেয়াল-খুশিমতে কাজ চলছে। কাজের এখানে থাকা পাইলিং সরদার চান মিয়া জানান, পাইলিং করে দেয়ালের কাজ করছেন। কতো টাকার কাজ সেটি তার জানা নেই। ঢাকা বিদ্যুৎ অফিস থেকে তাদের এখানের বিদ্যুৎ অফিসে পাঠানো হয়। এই অফিস থেকে তাদের কাজে লাগানো হয়েছে। তিনি কামরুল নামে একজনের সঙ্গে কথা বলার জন্য ফোন ধরিয়ে দেন। স্থানীয় বাসিন্দা ফিরোজ মিয়া বলেন, আগের দেয়াল মজবুত ছিল। এটি সহজে ভাঙার ছিল না। এখন যে কাজ করা হচ্ছে তা ভালো মনে হচ্ছে না।
কাজের বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তাদের কাছে কোনো তথ্য নেই। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মির্জা মোহাম্মদ হাফিজ জানান, এসব সিভিল কাজ ঢাকা সিভিল পরিদপ্তর থেকে ড্রয়িং, ডিজাইন, টেন্ডার ও মনিটরিং সবকিছু করা হয়। স্থানীয়ভাবে তাদের দপ্তর থেকে সহযোগিতা করা হয়। তবে কাজটি কতো টাকার, কি কাজ হচ্ছে সে তথ্য তার জানা নেই বলে জানান।
