পঞ্চবটি চা বাগানে ছিনতাইকৃত আরও ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ গত শুক্রবার রাতে প্রধান আসামি জাবেদের বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের উপর থেকে কালো ব্যাগে রাখা ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এর আগে প্রধান আসামি জাবেদের কাছ থেকে তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছিল। বাকি দুই লাখ টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, গত ১৫ই অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা বাগানের ভেতরে মসজিদসংলগ্ন কাঁচা রাস্তায় সহকারী ব্যবস্থাপক নেপাল দাশ (৬০) ও পল্লী চিকিৎসক বাবুল দাশ (৫৩)কে ধারালো ছুরি দিয়ে জখম করে দুর্বৃত্তরা।

এ সময় তাদের কাছে থাকা চা শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। ঘটনার পর পরই চা শ্রমিকদের সহযোগিতায় অভিযান চালিয়ে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একই রাতে পঞ্চবটি চা বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে সম্রাট ও রাশেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে ১৬ই অক্টোবর বিকালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান আসামি জাবেদ (৩৩)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে তিন হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আবু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় গত ১৯শে নভেম্বর ভূজপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেন (২২)কে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি জানান, ছিনতাইয়ের টাকা থেকে জাবেদ তাকে ১০ হাজার টাকা দিয়েছিলেন।

বাকি টাকা জাবেদের স্ত্রী লিলু আক্তারের কাছে রয়েছে। সুমনের দেয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জাবেদের বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো ও স্বীকারোক্তি অনুযায়ী বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের উপর থেকে একটি কালো ব্যাগে রাখা ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় লিলু আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, এ পর্যন্ত গ্রেপ্তারকৃত সাতজন হলো- মো. সম্রাট (২৪), মো. রাশেদ (২৪), মোহাম্মদ আবু (২২), জিহান উদ্দীন (২৪), মো. জাবেদ (৩৩), মো. সুমন ওরফে সিসিলেন (২২) এবং লিলু আক্তার (২৭)। তাদের মধ্যে আবু ও সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভূজপুর থানা অফিসার ইনচার্জ ওসি বিপুল চন্দ্র দে জানান, এ ঘটনায় ১৬ই অক্টোবর ভূজপুর থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা করা হয়। ছিনতাই হওয়া ৭ লাখ ৩৩ হাজার টাকার মধ্যে এ পর্যন্ত মোট ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।