১৯টি চারা থেকে ১৯ বিঘা কমলার বাগান

বছরে আড়াই কোটি টাকা আয়ের সম্ভাবনা

১৯টি চারা থেকে ১৯ বিঘা কমলার বাগান

ফন্ট সাইজ:

গাছের ডাল জুড়ে থোকায় থোকায় কমলা। কোনো ডাল নুয়ে পড়েছে ফলের ভারে। সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে হলুদ আর কমলা রংয়ের ফল। দূর থেকে দেখলে মনে হবে, এ যেন বাংলাদেশের মাটিতে গড়ে ওঠা এক টুকরো চীনের কমলা বাগান। যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের আমির হামজা মিলনের বাগানের দৃশ্য এটি। একসময় ফলের ব্যবসা করতেন তিনি। সেই ব্যবসার অভিজ্ঞতা থেকেই আগ্রহ জন্মে ফল চাষে। এরপর মাত্র ১৯টি চারা দিয়ে শুরু। সেই উদ্যোগ এখন বিস্তৃত হয়েছে ১৯ বিঘা জমিতে। তার স্বপ্ন, পুরো বাগান উৎপাদনে এলে বছরে আড়াই কোটি টাকার বেশি কমলা বিক্রি করা সম্ভব হবে।
হাকিমপুর গ্রামের হায়দার আলীর ছেলে আমির হামজা মিলন। ৩৫ বছর বয়সী তরতাজা যুবক। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট মিলন। উচ্চ মাধ্যমিক পাসের পর আর পড়াশোনা এগোয়নি। শুরু করেন ফলের ব্যবসা। ব্যবসার প্রয়োজনে বিভিন্ন ধরনের ফল ও ফলের বাজার সম্পর্কে ধারণা তৈরি হয় তার। একপর্যায়ে নিজেই ফল উৎপাদনের সিদ্ধান্ত নেন। প্রথমে ভারত থেকে চায়না ম্যান্ডারিন জাতের ১৯টি কমলার চারা সংগ্রহ করেন। সেগুলো রোপণ করেন নিজের জমিতে। দুই বছরের মধ্যেই গাছগুলোতে ফল আসতে শুরু করে। এরপর নিজস্ব বাগানের গাছ থেকে কলম তৈরি করে ধীরে ধীরে বাড়াতে থাকেন চারা। এভাবেই ছোট উদ্যোগটি একসময় বড় বাগানে রূপ নেয়। বর্তমানে তার ১৯ বিঘা বাগানের মধ্যে দুই বিঘা জমির গাছে ফল ধরেছে। ফলের ভারে গাছের ডালগুলো নুয়ে পড়েছে। মিলনের হিসাব অনুযায়ী, এ বছর এই দুই বিঘা জমি থেকে প্রায় ৪০০ মণ কমলা পাওয়া যাবে। বর্তমান বাজারদর বিবেচনায় এসব কমলার মূল্য প্রায় ২৮ লাখ টাকা। মিলন জানান, ফেব্রুয়ারি মাসে কমলা গাছে ফুল আসে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং যথাযথ পরিচর্যা করা গেলে নভেম্বরের শেষ দিকে ফল সংগ্রহ শুরু করা যায়। তিনি আরও বলেন, বিগত বছরগুলোর সমস্যা তিনি পর্যবেক্ষণ করেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাগানের পরিচর্যা করেন। ফলে প্রতি বছরই বাগানে ফলন বাড়ছে। তার দাবি, এক বিঘা জমিতে কমলা চাষে পরিচর্যাসহ খরচ হয় প্রায় ৪০ হাজার টাকা। বিপরীতে ভালো ফলন হলে ওই জমি থেকে প্রায় ১৪ লাখ টাকার কমলা বিক্রি করা সম্ভব। তবে ফলন ও বাজারদরের ওপর আয়-ব্যয় নির্ভর করে। মিলনের বাগানে ভারত, চীন, পাকিস্তান এ কাশ্মীরসহ বিভিন্ন দেশের নানান জাতের কমলার চাষ হচ্ছে। তবে তার অভিজ্ঞতায়, বাংলাদেশের আবহাওয়ার জন্য চায়না ম্যান্ডারিন জাতটি বেশি উপযোগী। তিনি বলেন, এক বিঘা জমিতে ১৭৫টি চারা রোপণ করলে ভালো ফল পাওয়া যায়। তবে শুধু কমলার ওপর নির্ভর না করে জমিতে সাথী ফসল চাষের পরামর্শ দেন তিনি। কমলার গাছ পূর্ণাঙ্গ হওয়ার আগপর্যন্ত সাথী ফসল থেকে আয় করা সম্ভব। এতে বাগান তৈরির প্রাথমিক খরচও উঠে আসতে পারে। সাথী ফসল হিসেবে পেয়ারা, পটোল, পিয়াজ, রসুনসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করা যায়। তার মতে, মোটা মাটিতে কমলার চাষ ভালো হয়। তবে নিচু জলাবদ্ধ জমিতে কমলা চাষ না করার পরামর্শ দেন তিনি। মিলনের কমলা বাগান এখন শুধু ফল উৎপাদনের ক্ষেত্র নয়, স্থানীয় মানুষের কর্মসংস্থানেরও উৎস। প্রতিদিন সেখানে ১৪ থেকে ১৫ জন শ্রমিক কাজ করেন। শ্রমিকদের কাজের সময় শেষ হওয়ার পরও কেউ কাজ করলে অতিরিক্ত সময়ের পারিশ্রমিক দেন মিলন। তার এই উদ্যোগে এলাকার মানুষের নিয়মিত আয়ের সুযোগ তৈরি হয়েছে। বাগানের পাশাপাশি নিজস্ব ব্যবস্থাপনায় গড়ে তুলেছেন একটি বড় নার্সারি। সেখান থেকে নিয়মিত বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের কমলার চারা। মিলনের ১৯ বিঘা বাগানের সব গাছে এখনো ফল আসেনি। দুই বিঘা জমিতে ফল ধরেছে। সাত বিঘা জমির গাছ থেকে আগামী বছর পুরোদমে ফুল ও ফল পাওয়ার আশা করছেন তিনি। বাকি ১০ বিঘা জমির গাছ থেকে ফল পেতে আরও দুই বছর অপেক্ষা করতে হবে। ১৯টি চারা দিয়ে শুরু করা মিলনের এই উদ্যোগ এখন বড় স্বপ্নের নাম। তার বাগান প্রমাণ করছে, পরিকল্পনা, পরিশ্রম ও সঠিক পরিচর্যা থাকলে দেশের মাটিতেও বিদেশি ফলের বাণিজ্যিক চাষের সম্ভাবনা তৈরি হতে পারে।