বড়পুকুরিয়ায় ভেজাল কয়লার রমরমা ব্যবসা

বড়পুকুরিয়ায় ভেজাল কয়লার রমরমা ব্যবসা

ফন্ট সাইজ:

বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় কয়লার সঙ্গে পাথর বালু কালো মাটি ও ছাই মিশিয়ে রমরমা ব্যবসা করছেন কতিপয় অসাধু কয়লা ব্যবসায়ীরা।
কয়লা খনি এলাকায় রাস্তার ধারে কতিপয় অসাধু ব্যবসায়ী গড়ে তুলেছে অবৈধ কয়লার ব্যবসা। তারা রেললাইন সংলগ্ন ক্যানেল থেকে কালো মাটি ৩/৪ মাস পর উত্তোলন করে রোদে শুকিয়ে পাওয়ার ট্রিলার দিয়ে চাষ করে গুঁড়া বানিয়ে তার সঙ্গে বালু, মাটি, পাথরের গুঁড়া ও বিভিন্ন মিল থেকে আনা কালো ছাই মিশিয়ে দীর্ঘ ১৫-২০ বছর ধরে এ ব্যবসা করছে। ওই কয়লা দেশের বিভিন্ন স্থানে ভাটার মালিকদের কাছে বিক্রি করছে। এগুলো মিক্সড করার অর্থ হচ্ছে ওজন বেশি হবে।
এসব অবৈধ ব্যবসা বন্ধের ব্যাপারে কেউ পদক্ষেপ গ্রহণ করছে না। আবার কেউ কেউ এসব অবৈধ মিশ্রিত কয়লা নিয়ে অন্যত্র গিয়ে ভালো কয়লার সঙ্গে মিশিয়ে বিক্রি করছে। এতে পরিবেশের চরম বিপর্যয় ঘটছে। কয়লা খনি কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। দেখা যায়, খনির ভূগর্ভ থেকে প্রতিদিন কোটি কোটি কিউসেক পানি ড্রেন দিয়ে বের হয়ে রেললাইনের ক্যানেল দিয়ে বের হয়ে যায়। সেই পানিতে কয়লা অ্যাশ ধেয়ে আসে। ওই অ্যাশ ক্যানেলে জমা হয়ে থাকে। সেই অ্যাশ কাদাসহ উপরে তুলে এনে শুকিয়ে তার সঙ্গে ছাই, বালু ও পাথরের গুঁড়া মিশ্রিত করে নানা রকম কৌশল করে বিক্রি করছে। ফুলবাড়ী উপজেলাতেও একই ব্যবসা করছেন খনি এলাকার কতিপয় ব্যক্তি। তারা প্রতিদিন ৪/৫ ট্রাক করে ছাই মিশ্রিত কয়লা বানিয়ে বিক্রি করছে। গত কয়েকদিন এলাকায় ঘুরে এ চিত্র দেখা যায়। এ বিষয়ে কয়লা খনি এলাকার অনেকের সঙ্গে কথা হয়। তারা জানান, কয়লার মালিকদের ধোঁকা দিয়ে এ এলাকার কতিপয় ব্যক্তি কয়লা বিক্রির মালিক সেজে রমরমা অবৈধ ব্যবসা করছে। এদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। এতে করে এলাকায় পরিবেশ বিপর্যয় ঘটছে এবং সেই সঙ্গে সাধারণ মানুষ বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছে। এ বিষয়ে এলাকার সচেতন মহল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।