২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

প্রায় ২২ বছর পর আগামী ১২ই ডিসেম্বর সুনামগঞ্জ সফরে আসছেন বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা ও নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন তিনি। একইসঙ্গে সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। তাকে বরণ এবং ঐতিহ্যবাহী ক্রীড়া উৎসব সফল করতে মাঠে নেমেছেন জেলার সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি’র নেতাকর্মীরা। এ আয়োজনের সার্বিক প্রস্তুতি ও সমন্বয় নিয়ে রোববার বিকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সুনামগঞ্জের চারজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সুনামগঞ্জের ক্রীড়া উৎসব সফল করার লক্ষ্যে জেলার চার সংসদ সদস্যকে নিয়ে সভা করেছেন। সভায় হাডুডু, কাবাডি, গোল্লাছুটসহ দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন ও পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, সুনামগঞ্জের পাঁচজন সংসদ সদস্যের মধ্যে নাসিরুদ্দিন চৌধুরী অসুস্থ থাকায় তিনি আলোচনা সভায় উপস্থিত হতে পারেননি। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান বলেন, ‘প্রধানমন্ত্রী ১২ই ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন- বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জেলা শহরের স্টেডিয়ামে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী নানা খেলার আয়োজন করা হবে। নতুন কুঁড়ি স্পোর্টসেরও আয়োজন থাকবে। একইসঙ্গে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।’

স্থানীয় সূত্রে জানা যায়, তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জ সফর করেছিলেন। ওই সময় শহরের পুরাতন বাসস্টেশনে এক জনসভায় বক্তব্য দেন তিনি। পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে ওই নির্বাচনী এলাকার টেকেরঘাট ও জামালগঞ্জে পৃথক দু’টি সমাবেশেও বক্তব্য দেন।
দীর্ঘ প্রায় ২২ বছর পর হাওর-বাঁওড়ের জনপদ সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর আগমনের খবরে বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ঐতিহাসিক এ সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ এবং জেলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন সফল করতে দলীয় ও প্রশাসনিক পর্যায়ে চলছে প্রস্তুতি।