জামালপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামালপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম, জাল সনদ ব্যবহার, অবৈধভাবে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ সুজানুর রহমান ও সাবেক প্রধান শিক্ষক শেরফুল আনসারীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তাসলিমা আক্তার নামে এক অভিযোগকারী। সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেয়া লিখিত আবেদনে এসব অভিযোগ করেন তাসলিমা। অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে ২০০০ সালের ১৯শে জুন শাহজাহান কবীর এবং ২০১৪ সালের ২৩শে এপ্রিল মুমিনুর রহমান যোগ দেন। উভয়ের নিয়োগে কম্পিউটার সনদ জালিয়াতির অভিযোগ করা হয়েছে; অথচ ২০১৮ সালের নীতিমালা অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদে একটি পদসংস্থান থাকার কথা।
২০২৩ সালের ২৬শে জুলাই ম্যানেজিং কমিটির সভায় শাহজাহান কবীরের সনদ নিয়ে প্রশ্ন উঠেছিল বলেও উল্লেখ করা হয়েছে। সাবেক প্রধান শিক্ষক শেরফুল আনসারীর বিরুদ্ধে ২০২২ সালের ১৫ই জানুয়ারি অবসরে যাওয়ার পরও সরকারি পূর্বানুমোদন ছাড়া চুক্তিভিত্তিক দায়িত্ব পালন ও তহবিল থেকে বেসরকারি বেতন-ভাতা নেয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২০শে আগস্ট শিক্ষা মন্ত্রণালয় চুক্তিভিত্তিক নিয়োগের আবেদন অনুমোদন না করলেও তিনি দায়িত্ব পালন করেন এবং সে সময় তার বিরুদ্ধে ৪০ লাখ টাকা আত্মসাতের সংবাদ প্রকাশিত হয়। এ ছাড়া, আত্মীয়কে ম্যানেজিং কমিটির সভাপতি করা এবং কয়েকজন শিক্ষকের সহযোগিতার অভিযোগও তোলা হয়েছে। অন্যদিকে, ২০২৪ সালের ১৪ই মে যোগদান করা বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ সুজানুর রহমানের নিয়োগ প্রক্রিয়া ও তৎকালীন কমিটির বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
পাশাপাশি ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিদ্যালয়ের আয়-ব্যয়, দোকান ও মিলনায়তন ভাড়ার হিসাব সরকারি অডিটে আনা এবং অন্যান্য শিক্ষক-কর্মচারীর সনদ যাচাইয়ের দাবি জানানো হয়েছে। অভিযোগকারীর দাবি, ২০২৫ সালের ৩০শে এপ্রিল মাউশিতে আবেদন করলেও তা কার্যকরভাবে এগোয়নি। অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক শাহজাহান কবীর ও মুমিনুর রহমানকে ফোনে পাওয়া যায়নি। সাবেক প্রধান শিক্ষক শেরফুল আনসারীর মোবাইলে কল দিলে তার স্ত্রী জানান, তিনি বাসায় নেই। এ বিষয়ে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ সুজানুর রহমান অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, আগেও এমন অভিযোগের সত্যতা মেলেনি। জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছানোয়ার হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
