মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

ফন্ট সাইজ:

মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামে বনি আমিন নামে এক ছাত্রদল নেতার বাড়িতে দু’টি পেট্রোল বোমা নিক্ষেপ করে জ্বালিয়ে দেয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পেট্রোল বোমা দু’টি বিস্ফোরিত হয়ে বিকট শব্দ ও আগুন ছড়িয়ে পড়ে। পরিবার বিষয়টি টের পেয়ে বের হয়ে আগুন দ্রুত নিভিয়ে ফেলতে সক্ষম হয়। শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়। বনি আমিন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। বনি আমিনের পিতা নহাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বাথরুমে থাকা অবস্থায় বিকট শব্দ শুনে বের হয়ে আগুন দেখতে পায় এবং চিৎকার দিলে লোকজন এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এ সময় তিনি একটি মোটরসাইকেলে দু’জন লোককে দ্রুত তার বাড়ির সামনে দিয়ে চলে যেতে দেখেন। পরে ঘটনাটি নহাটা তদন্ত কেন্দ্রের পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থল থেকে কাঁচের টুকরা আলামত হিসেবে উদ্ধার করেন এবং বিল্ডিংয়ের এক কোণে কালো হয়ে ঝলসে যেতে দেখে। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহমেদ বলেন, বিষয়টি জেনেছি এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান।