পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে মমিনা খাতুন দাখিল ও কারিগরি মাদ্রাসার আয়োজনে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ? ও নাশিদ পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে দিনব্যাপী মাদ্রাসার অডিটরিয়ামে বর্ণাঢ্য এ আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে ও হামিদিয়া কামিল মাদ্রাসার প্রশাসক আশিক এলাহি সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদ্রাসার প্রধান শিক্ষক বেলাল আহমেদ বিএসসি। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- মানবজমিন প্রতিনিধি ও সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম মানিক, মাদ্রাসার সহ-সভাপতি ডা. মোহাম্মদ ইয়াছিন, মাদ্রাসার শিক্ষক মাওলানা বসির আহম্মেদ, সোনাইমুড়ী পৌর ছাত্রদলের সদস্য সচিব আলী হোসেন, সমাজসেবক ও ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হারিছ মুন্সী প্রমুখ। সংশ্লিষ্টরা জানান, একজন সাংবাদিক হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা স্থানীয় মানুষের কাছে প্রশংসনীয়।
শিক্ষা ও সমাজের কল্যাণে তার ইতিবাচক ভূমিকা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা তাদের। সাংবাদিক আমিনুল ইসলাম বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের আদর্শবান হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকরা সন্তানদের ধর্মীয় লেখাপড়ার পাশাপাশি নীতি-নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ গড়ে তুলতে শিক্ষকদের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করতে হবে। তাহলেই সন্তানকে ভালো মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
অভিভাবকরা সন্তানদের হাতে মোবাইল বেশি দিবেন না, কারণ মোবাইলে আসক্ত হলে পড়ালেখার মনোযোগ হারিয়ে ফেলে। এ বিষয়ে সতর্ক হওয়ার জন্য অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ জানান তিনি। এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মনির আহমেদকে শ্রেষ্ঠ সমাজসেবক হিসেবে ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণদের তিনটি গ্রুপের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া, ২০ জনকে শ্রেষ্ঠ অভিভাবক ও সিরাত প্রতিযোগিতায় ১৫ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
