নেত্রকোণার পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে এলাকার সুশীল সমাজ ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম। শনিবার গণমাধ্যমে পাঠানো এক লিখিত বার্তায় তিনি এই আহ্বান জানান। বার্তায় বলা হয়, নাশকতাকারী অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীরা পূর্বধলার মানুষের জানমালের নিরাপত্তায় পাহারা দিচ্ছে। পুলিশ-প্রশাসন যেকোনো দুর্বৃত্তায়নের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নিচ্ছে।
সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে কঠোর নিরাপত্তা দেয়া হচ্ছে। তিনি বলেন, দেখা গেছে, বিএনপি’র নেতাকর্মীরা পূর্বধলার বিভিন্ন এলাকায় রাতে পাহারা দিচ্ছেন। কিন্তু নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের নির্বাচিত সংসদ সদস্য জামায়াত নেতা মাসুম মোস্তফা বা উপজেলা জামায়াতের পক্ষ থেকে পূর্বধলায় অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে তেমন কোনো তৎপরতা নেই। এলাকার জনমনে এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হচ্ছে।
এমপি মানসুরা বলেন, আমি পূর্বধলার সচেতন সমাজ ও সাধারণ মানুষকে অনুরোধ করবো, আপনারা নিজেদের সম্পদ ও নিজেদের ভূমি রক্ষায় যেকোনো আওয়ামী দুর্বৃত্তায়ন ঠেকিয়ে দিন। আমরা আপনাদের সঙ্গে আছি। রাজনীতি যাই হোক না কেন, পূর্বধলার মানুষের জীবন ও সম্পদের উপর হামলাকারী কোনো দুর্বৃত্তকে ছেড়ে দেয়া হবে না।
