খুলনায় বিএনপি নেতাকে গুলি

ফন্ট সাইজ:

খুলনার তেরখাদা উপজেলায় মাফিক সরদার নামে এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে উপজেলার মোকামপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাফিক সরদার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে তিনি মোকামপুর বাজার থেকে ভ্যানযোগে বাড়ির যাচ্ছিলেন- পথিমধ্যে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তেরখাদা থানার ওসি তদন্ত কবির আহমেদ বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করি।

দুর্বৃত্তরা আগে থেকে ঘটনাস্থলে ওত পেতে ছিল। ভিকটিম ঘটনাস্থলে আসামাত্রই তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। কিন্তু তার শরীরে তিনটি গুলিবিদ্ধ হয়। গুলি তিনটি তার বাম হাতে, বাম পায়ে এবং কোমরের বাম পাশে বিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।