জয়পুরহাটের কালাই উপজেলায় চলতি মৌসুমে আলুর চাষে কৃষকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার কারণে উপজেলার বিস্তীর্ণ এলাকার আলুর ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে মাঠে থাকা আলু দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং হাজার হাজার কৃষক আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
তথ্যানুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় মোট ১০ হাজার ৬৯০ হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছিল। যা স্থানীয় হিসাবে প্রায় ৭৯ হাজার ৭৯৬ বিঘা। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা আশা করেছিলেন এবার ফলন আগের বছরের তুলনায় আরও ভালো হবে। শুরুতে কৃষকরা উৎপাদিত মোট জমির প্রায় তিন ভাগ আলু উত্তোলন করতে সক্ষম হন। তবে হঠাৎ করে গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে আলু উত্তোলনের কাজ বাধাগ্রস্ত হয়ে পড়ে। এতে প্রায় ২ হাজার ৬৭২ হেক্টর জমির আলু মাঠে অবশিষ্ট থেকে যায়। এরই মধ্যে টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন নিচু এলাকার আলুর ক্ষেত পানিতে তলিয়ে যায়। ফলে মাঠে থাকা ওই প্রায় ২ হাজার ৬৭২ হেক্টর জমির আলু পানিতে ডুবে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে উপজেলার হাজারো কৃষক চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছেন এবং তাদের মধ্যে পচন আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মাঠপর্যায়ের জরিপ অনুযায়ী, মোট আবাদি জমির প্রায় ২,৬৭২ হেক্টর অর্থাৎ ১৯ হাজার ৯৫৩ বিঘা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি বিঘায় গড়ে ৮০ মণ আলু উৎপাদন ধরে হিসাব করলে প্রায় ১৫ লাখ ৯৬ হাজার ২৪০ মণ আলু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাজারে প্রতি মণ আলুর দাম প্রায় ৫০০ টাকা ধরা হলে সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৭৯ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও বিপুল পরিমান খরচ করে তারা আলুর চাষ করেছিলেন। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টি তাদের সেই পরিশ্রমকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, অসময়ের এই ভারী বৃষ্টি ফসলের জন্য বিশাল ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকার সব তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। সরকারি সহায়তা ও প্রণোদনার ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করা হবে যাতে কৃষকরা অন্তত কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারেন।
কালাইয়ে টানা বৃষ্টিতে আলুর ব্যাপক ক্ষয়ক্ষতি
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
১৮ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
