রাণীনগরে আলু প্রদর্শনীর বরাদ্দ নিয়ে নয়ছয়ের অভিযোগ

ফন্ট সাইজ:

কাগজ-কলমে প্রতিটি আলু প্রদর্শনীর বিপরীতে বরাদ্দ ৫০ হাজার টাকা। অথচ মাঠপর্যায়ে কৃষকদের হাতে পৌঁছেছে মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা মূল্যের উপকরণ। কেউ পেয়েছেন মাত্র দেড় হাজার টাকা, আবার কারও অভিযোগ, তালিকায় নাম থাকলেও কিছুই পাননি। কোথাও কৃষকের জমিতে প্রদর্শনীর নামে ছবি তোলা হলেও দেয়া হয়নি প্রয়োজনীয় উপকরণ। নওগাঁর রাণীনগরে পার্টনার প্রকল্পের আওতায় ৮টি আলু প্রদর্শনী বাস্তবায়নে এমন অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে।

প্রকল্পের ব্যয় বিবরণীর তথ্যানুযায়ী, পার্টনার প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৮টি পিএফএস স্কুলের কৃষকদের উত্তম কৃষি চর্চা (গ্যাপ) পদ্ধতিতে আলু বারি-৯০, লাল পাকড়ি, এস্টারিক, কার্ডিনাল ও রোমানা জাতের আলু উৎপাদনের প্রদর্শনী বাস্তবায়ন করা হয়। প্রতি একর জমির প্রদর্শনীর জন্য বরাদ্দ ছিল বীজ বাবদ ৪ হাজার, জৈব সার ৬ হাজার, জৈব বালাইনাশক ৫ হাজার, পোকার ফাঁদ ৬ হাজার, বাঁশের খুঁটি ৮ হাজার, ড্রাম/ ক্যারেট ৫ হাজার এবং পরিচর্যার সরঞ্জাম, জাল, ছাউনি ও তাক বাবদ ১০ হাজার টাকা। এ ছাড়া সাইনবোর্ড, পরিবহন ও অন্যান্য খাতসহ মোট বরাদ্দ ছিল ৫০ হাজার টাকা। তথ্যানুসন্ধানে কৃষকদের বক্তব্য অনুযায়ী বরাদ্দ ও সরবরাহের মধ্যে বড় ধরনের গরমিলের চিত্র উঠে এসেছে। ঘাটাগণ গ্রামের কৃষক সাহেরা বলেন, সুবিধাভোগীর তালিকায় নাম থাকলেও তাকে আলুর জন্য কিছুই দেয়া হয়নি। শুধু পার্টনার স্কুলের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং ছবি তোলার পর ১০০ টাকা দেয়া হয়েছে।

অথচ তার ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেয়া হয়েছে। মিরাটের কৃষক মোফাজ্জলও জানান, প্রায় ৪ বিঘা জমিতে প্রদর্শনী করলেও বীজ নিজের টাকায় কিনা, পরিচর্যার খরচ পাননি। তার হিসাবে ১০ থেকে ১৫ হাজার টাকার উপকরণ পেয়েছে। গুডুনিয়া গ্রামের প্রদীপ চন্দ্রের অভিযোগ, তাকে শুধু ৮টি ক্যারেট দেয়া হয়েছে। সার, বীজ কিংবা পরিচর্যার খরচ পাননি। এ ছাড়া ভেটি গ্রামের আসলাম ১২ থেকে ১৩ হাজার এবং মালঞ্চি গ্রামের বেলাল নিজের টাকায় বীজ আলুর বীজ কিনেছে। ১০ থেকে ১২ হাজার টাকার উপকরণ পাওয়ার কথা জানিয়েছে। এভাবে পুরো প্রদর্শনীর বরাদ্দ নয়ছয়ের গুরুতর অভিযোগ ওঠায় প্রশ্ন উঠেছে আদৌ কতোটুকু বাস্তবায়িত হয়েছে। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত উপজেলা কৃষি অফিসার মোসা. মোস্তাকিমা খাতুনের মুঠোফোনে একাধিকবার কল দিলে রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনজুর রহমান বলেন, আমি এখানে যোগদান করেছি প্রায় চার মাস আগে। গত মৌসুমের বিষয়ে বলতে পারবো না। কৃষকরা আমার কাছে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পার্টনার প্রকল্পের কো-অর্ডিনেটর ড. মো. সাখাওয়াত হোসেন শরীফ বলেন, অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার সুযোগ রয়েছে। সুনির্দিষ্ট তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো।