কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮

ফন্ট সাইজ:

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘণ্টায় ২৮৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬৪ জন নেতাকর্মী ও সদস্য রয়েছেন। শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের নির্দেশনায় গত ১৯ ও ২০শে নভেম্বর জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপরদিকে, সংশ্লিষ্টতা না পাওয়ায় এবং বয়স ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় বাকি ৮১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার পাশাপাশি মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও সন্ত্রাস নির্মূলে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।